চেতনানাশক প্রয়োগের ১০ মিনিট পর ‘হার্ট অ্যাটাকে’ মৃত্যু
কুমিল্লায় একটি বেসরকারি হাসপাতালে এই ঘটনার পর চিকিৎসক আত্মগোপনে, পাশাপাশি দুটি হাসপাতালে তালা।
কুমিল্লায় একটি বেসরকারি হাসপাতালে অপারেশন করার সময় ১৫ বছর বয়সী এক মেয়ের মৃত্যুর পর প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে আত্মগোপনে গেছেন চিকিৎসক ও পাশাপাশি থাকা দুটি হাসপাতালের কর্মকর্তারা। প্রতিষ্ঠান দুটিতে তালা ঝোলানো হয়েছে।
রোববার রাতে নগরীর ঝাউতলা এলাকায় হেলথ অ্যান্ড ডক্টরস জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।
কিশোরীর স্বজনদের অভিযোগ, অপারেশন থিয়েটারে চেতনানাশক দেওয়ার ‘ভুলে’ মীম আক্তার নামে মেয়েটির মৃত্যু হয়েছে।
যে ডাক্তার মীম আক্তার নামে মেয়েটির চিকিৎসা করেছিলেন, তিনি পাশের ফেইথ মেডিকেল সার্ভিসেসে রোগী দেখেন এবং হেলথ অ্যান্ড ডক্টরস জেনারেল হাসপাতালে অস্ত্রোপচার করতেন।
মীম জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার অলুয়া কৃষ্ণপুর এলাকার বিল্লাল হোসেনের মেয়ে। সে পাশের কংশনগর উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ত।
স্বজনরা জানান, কোরবানির ঈদের এক সপ্তাহ আগে গলায় টনসিলের ব্যথা নিয়ে মীম তার মায়ের সঙ্গে ফেইথ মেডিকেল সার্ভিসেস নাক কান গলা বিশেষজ্ঞ মো. জহিরুল হকের কাছে যায়। চিকিৎসক অস্ত্রোপচারের কথা বলেন।
রোববার সন্ধ্যায় সাড়ে সাতটায় অস্ত্রোপচারের জন্য মীমকে হেলথ্ অ্যান্ড ডক্টরস জেনারেল হাসপাতালে নিয়ে যান চিকিৎসক জহিরুল।
অপারেশন থিয়েটারে ঢুকিয়ে অ্যানেসথেসিয়া প্রয়োগের পরপরই মীমের শারীরিক অবস্থা খারাপ হতে থাকে।
১০ মিনিট পর জহিরুল বের হয়ে স্বজনদের বলেন মীমের হার্ট অ্যাটাক হয়েছে। তাকে কুমিল্লা সদর হাসপাতালে নিতে হবে।
এই হাসপাতালে নেওয়ার পথে মারা যায় মেয়েটি।
মীমের বাবা বিল্লাল হোসেন বলেন, “আমার মেয়ে মারা যাওয়ার পর জহির ডাক্তার আমারে অপারেশনের টাকা ফেরত দিতে চান। আমাকে বলছে আমরা যত টাকা চাই উনি আমাদের টাকা দেবেন। টাকা দিয়ে আমার মেয়ের মৃত্যুর বিষয়টি ধামাচাপা দিতে চাচ্ছেন।
“আমরা রাজি না হওয়ায় জহির ডাক্তার আমার মেয়ের পরীক্ষার রিপোর্টসহ যাবতীয় কাগজ নিয়ে হাসপাতাল তালা মেরে পালিয়ে গেছেন।”
মীমের মা লিপি আক্তার বলেন, “আমার মেয়ের গলায় ছোট একটা টনসিল ছিল। অপারেশন থিয়েটারে ঢুকিয়ে ১০ মিনিটের মধ্যে জহির ডাক্তার বলে আমার মেয়ে হার্ট অ্যাটাক করেছে। সরকারের কাছে, প্রশাসনের কাছে এর বিচার চাই।“
ঘটনা পর ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। তারা পরিস্থিতি শান্ত করে।
সোমবার দুপুরে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন বলেন, “এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।”
মীমের মৃত্যুর বিষয়ে চিকিৎসক জহিরুল হকের বক্তব্য জানা সম্ভব হয়নি। তার ফোন নম্বর বন্ধ। তিনি চেম্বারেও নেই।
হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্যও জানা যায়নি। কারণ, মেয়েটির মৃত্যুর পর ঘটনার কিছু সময় পরই ফেইথ মেডিকেল এবং হেলথ্ অ্যান্ড ডক্টরস জেনারেল হাসপাতাল-দুটি প্রতিষ্ঠানেই তালা ঝুলিয়ে কর্মকর্তারা চলে যান। তাদের কেউ ফোনও ধরছেন না।
