২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটা আন্দোলনকারীদের আদালতে গিয়ে কথা বলা উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী

শনিবার বিকালে ময়মনসিংহের পুলিশ লাইনস মাঠে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2024, 07:24 PM

Updated : 26 Aug 2026, 09:59 AM

রাস্তা বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি না করে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের আদালতে গিয়ে নিজেদের কথা বলা উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

শনিবার বিকালে ময়মনসিংহের পুলিশ লাইনস মাঠে ‘মুক্তিযুদ্ধে পুলিশ: ময়মনসিংহ জেলা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় কোটা সংস্কার আন্দোলনের প্রসঙ্গে মন্ত্রী বলেন, “২০১৮ সালে প্রধানমন্ত্রী কোটা উঠিয়ে দিয়েছিলেন। তারপর বিচার বিভাগ থেকে বার্তা আসছে কোটা আবার চালু হবে। এতে সংক্ষুব্ধ হয়েছে আমাদের ছাত্ররা। 

“তাদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি একটি স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, হাই কোর্টের রায় স্থগিত করেছেন। ছাত্রদের বলা হয়েছে, তারা যেন তাদের কথা উচ্চতর আদালতে বলে। তাহলে বিচারপতিদের বিচার করতে সুবিধা হবে। 

তিনি বলেন, “কাজেই আমি মনে করি, তাদের অপেক্ষা করা উচিত। আন্দোলন থামানো উচিত। কারণ, পৃথিবীর সব জায়গাতেই কোটা রয়েছে। যেমন- আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য কিছু কোটা রয়েছে এবং সংবিধানেও সেটি বলা আছে। এই নৃগোষ্ঠীর কোটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে এরা কোনদিন মূল স্রোতের সঙ্গে তাল মিলিয়ে একত্রিত হতে পারবে না।”

মানুষের স্বার্থে আন্দোলনকারীদের রাস্তা অবরোধ না করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “রাস্তাঘাট বন্ধ না করে তারা কোর্টে এসে তাদের কথা বলুক। রাস্তাঘাট বন্ধ করলে লাভ কী হবে আমি জানি না। দুর্ভোগ বাড়বে জনগণের।

“আমি মনে করি, আপনারা প্রধান বিচারপতির পরামর্শ মত আদালতে এসে আপনাদের কথা বলুন।” 

ময়মনসিংহ পুলিশের রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেনের সভাপতিত্বে এবং পুলিশ সুপার মাহমুদা আফরোজ লাকীর সঞ্চালনায় সুধী সমাবেশে স্বাগত বক্তব্য দেন ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভূঞা।  

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক প্রতিমন্ত্রী ও তারাকান্দা-ফুলপুর আসনের সংসদ সদস্য শরীফ আহমেদ, সদর আসনের সংসদ সদস্য মোহাম্মদ মোহিত উর রহমান শান্ত, গফরগাঁওয়ের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল, মুক্তাগাছার সংসদ সদস্য কৃষিবিদ নজরুল ইসলাম, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, বীর মুক্তিযোদ্ধা ম. হামিদ, আব্দুর রব। 

এ ছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন হালুয়াঘাট-ধোবাউড়া আসনের সংসদ সদস্য মাহমুদুল হক সায়েম, ঈশ্বরগঞ্জের সংসদ সদস্য মাহমুদুল হাসান সুমন, ত্রিশালের সংসদ সদস্য এ বি এম আনিছুজ্জামান, ভালুকার সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল ওয়াহেদ, ফুলবাড়িয়ার সংসদ সদস্য আব্দুল মালেক সরকার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এমদাদুল হক চৌধুরী, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহ পুলিশ লাইনসে জেলা পুলিশের মুক্তিযুদ্ধ জাদুঘরসহ ১১ প্রকল্প উদ্বোধন করেন।