২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় গুলিতে লালমনিরহাটের যুবক নিহত, জড়িতদের ফাঁসির দাবি

৫ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্রদের ডাকা সরকার পতনের এক দফা আন্দোলন চলাকালে মিরাজ ঢাকার যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হন।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2024, 11:55 PM

Updated : 26 Aug 2026, 10:17 AM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকায় গুলিতে নিহত মিরাজুল ইসলাম মিরাজ হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মানববন্ধন হয়েছে।

এ দাবিতে সোমবার মিরাজের নিজ এলাকা উপজেলার মহিষখোচা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণ করেন শিক্ষার্থী ও শিক্ষকরা।

নিহত ২০ বছর বয়সি মিরাজ উপজেলার মহিষখোচা ইউনিয়নের বারঘরিয়া খাঁনপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে।

মহিষখোচা উচ্চ বিদ্যালয় ও কলেজের জ্যেষ্ঠ প্রভাষক আতাউর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ রবিউল, সহকারী শিক্ষক তমিজার রহমান, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মারুফা খাতুন, দশম শ্রেণির শিক্ষার্থী আল ইয়াসিন, অষ্টম শ্রেণির মুনতাহা খাতুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক রাকিব হাসান বিজয় এবং মিরাজের বাবা আব্দুস সালাম বক্তব্য দেন।

স্বজনরা জানান, ৫ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্রদের ডাকা সরকার পতনের এক দফা আন্দোলন চলাকালে ঢাকার যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হন মিরাজ। ৮ অগাস্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মিরাজ মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে উত্তীর্ণ হয়ে কলেজে ভর্তি হয়েছিলেন। পরে ঢাকায় গার্মেন্টসে কাজ করতে যান।