২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে লবণ মাঠে চাপা দেওয়া যুবকের লাশ ভেসে উঠল বৃষ্টিতে

ওই যুবককে হত্যার পর মাটি চাপা দেওয়া হয় বলে ধারণা পুলিশের।

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2024, 07:15 PM

Updated : 10 Sep 2026, 12:10 PM

কক্সবাজারের টেকনাফে লবণ মাঠে ‘মাটি চাপা দেওয়া’ অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ বৃষ্টির পানিতে ভেসে উঠেছে।

সোমবার দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা বুচিংগ্যা পাড়া থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি।

পুলিশের ভাষ্য, আনুমানিক ৩০ বছরের ওই যুবককে হত্যার পর মাটি চাপা দেওয়া হয়। তবে টানা তিন দিনের বৃষ্টিতে মাটি সরে গিয়ে মৃতদেহটি ভেসে ওঠে।

মুহাম্মদ ওসমান গনি বলেন, ওই যুবকের পরনে কালো প্যান্ট ও শার্ট রয়েছে। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

দুর্বৃত্তরা ওই যুবককে হত্যার পর মাটি চাপা দেয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি হত্যার কারণ অনুসন্ধানে কাজ চলছে বলে জানান ওসমান গনি।

মৃতদেহের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।