২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় আসিফের বিরুদ্ধে কায়কোবাদ-সমর্থকদের ঝাড়ু মিছিল

বিএনপি নেতা কায়কোবাদকে নিয়ে মন্তব্যের পরই এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2026, 08:50 PM

Updated : 26 Aug 2026, 05:31 PM

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার মন্তব্যের প্রতিবাদে কুমিল্লার মুরাদনগরে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।

বুধবার বিকালে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের বিএনপি প্রার্থী ও পাঁচবারের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সমর্থকরা এই মিছিল করেন। 

উপজেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করে। 

সমাবেশে বক্তব্য দেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদ কামাল উদ্দিন ভূঁইয়া, বিএনপি নেতা অ্যাডভোকেট তৌহীদ আহমেদ, মুরাদনগর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নাহিদুল নাঈম।

মঙ্গলবার দুপুরে ঢাকার আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেন, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ঋণ খেলাপির পাশাপাশি তুরস্কের নাগরিক।

এমন মন্তব্যের পরই এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

কায়কোবাদ-সমর্থকরা বলেন, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের দুর্নীতি ও অপকর্ম আড়াল করতেই রাজনীতিবিদ কায়কোবাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ও ষড়যন্ত্রমূলক বক্তব্য দিচ্ছেন।

তারা বলেন, কায়কোবাদ একজন পরীক্ষিত ও জনপ্রিয় নেতা। তাকে হেয় করতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।

বক্তারা অভিযোগ করেন, কিছু ফেইসবুক পেইজ ও অনলাইন প্ল্যাটফর্ম থেকে পরিকল্পিতভাবে কায়কোবাদকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। তারা প্রশাসনের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।