২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মক্তব শিক্ষককে গলা কেটে হত্যা

পুলিশ জানায়, ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গা সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মক্তব শিক্ষককে গলা কেটে হত্যা
ফাইল ছবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2024, 05:34 PM

Updated : 26 Aug 2026, 09:55 AM

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে ‘আধিপত্য বিস্তারের জেরে’ মক্তবের এক শিক্ষককে গলা কেটে হত্যা করা হয়েছে। 

বুধবার ভোরে উপজেলার মধুরছড়া ৪-এক্সটেনশন নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে এ ঘটনা ঘটে বলে উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানান। 

নিহত নুর মোহাম্মদ (৩০) ওই রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের মৃত আলী আহমেদের ছেলে।

পুলিশ জানায়, তিনি ওই ক্যাম্পের নিজ ব্লকে রাত্রিকালীন পাহারা দেওয়ার পাশাপাশি স্থানীয় মসজিদে নামাজ পড়াতেন এবং একটি মক্তবের শিক্ষক ছিলেন।

ওসি শামীম বলেন, “ভোরে ডি-ব্লকে মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় নুর মোহাম্মদের গতিরোধ করে এক দল রোহিঙ্গা সন্ত্রাসী। পরে তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে এবং গলা কেটে পালিয়ে যায় তারা। 

“এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে এপিবিএন পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।” 

ওই ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গা সন্ত্রাসী দল এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা ওসির। 

শামীম বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।