Published : 03 Dec 2025, 07:50 PM
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে নির্ধারণসহ তিন দাবিতে সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধায় কর্মবিরতি পালিত হয়েছে।
বুধবার চলমান বার্ষিক পরীক্ষা বর্জন করে জেলার সাত উপজেলায় স্ব স্ব উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে দিনব্যাপী এ কর্মসূচি পালন করেন শিক্ষকরা।
তবে কোথাও কোথাও প্রধান শিক্ষকরা নিজস্ব ব্যবস্থাপনায় বিদ্যালয়ের দপ্তরির সহযোগিতায় পরীক্ষা গ্রহণ করেন বলে খবর পাওয়া গেছে।
দাবিগুলো হলো- বেতন স্কেল দশম গ্রেডে নির্ধারণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতার অবসান এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি।
সাদুল্লাপুর উপজেলায় অবস্থান কর্মসূচি চলাকালে উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সভাপতি অলিউর রহমান ফারজী মিলন ও সাধারণ সম্পাদক নাজমুল হক মণ্ডল, সহকারী শিক্ষক তৌহিদুর রহমান তুষার, রোজিনা আকতার জাহান, আল আমিন আকন্দ, আনিছুর রহমান এবং আকুল মিয়া বক্তব্য দেন।
দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনরত শিক্ষকরা।
বেলা ৩টার দিকে অবস্থান কর্মসূচিস্থলে গিয়ে শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জসিম উদ্দিন বলেন, “আপনাদের দাবি লিখিতভাবে আমাকে অবগত করেন। আমি আপনাদের দাবিগুলো যথাযথ মন্ত্রণালয়ে পাঠিয়ে দেব।”