টাঙ্গাইলে ঈদের মাঠে ১৪৪ ধারা
সোমবার ঈদের দিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার বড় বাসালিয়া ঈদগাহ মাঠ ঘিরে এ নির্দেশ জারি করা হয়েছে।
টাঙ্গাইল সদর উপজেলায় একটি ঈদের মাঠে সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
সোমবার ঈদের দিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বড় বাসালিয়া ঈদগাহ মাঠ ঘিরে এ নির্দেশ জারি করা হয়েছে বলে জানিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শরীফা হক।
এ ঈদগাহ মাঠে রোজার ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে গ্রামের লোকজনের মধ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় এই নির্দেশ জারি করেন জেলা ম্যাজিস্ট্রেট।
আদেশে বড় বাসালিয়া গ্রামের ঈদগাহ মাঠের ৪০০ গজ পরিসীমার মধ্যে সব ধরনের সমাবেশ, শ্লোগান, মিছিল, শোভাযাত্রা, পিকেটিং, মাইক্রোফোন ব্যবহার, ঢাকঢোল পিটানো, গোলযোগ সৃষ্টি, লাঠিসোটা, অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি পরিবহন এবং সর্বসাধারণের বে-আইনী অনুপ্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়।
ঈদের দিন ভোর ৫টা হতে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।
তবে এই পরিসীমার মধ্যে বসবাস করা মানুষের স্বাভাবিক জীবনযাত্রা অব্যহত থাকবে বলেও আদেশে জানানো হয়।
