২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে ‘ভাইয়ের ছুরিকাঘাতে’ ভাই খুন

পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2024, 08:05 PM

Updated : 26 Aug 2026, 11:04 AM

কিশোরগঞ্জে ছোট ভাইয়ের ছুরির আঘাতে আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. গোলাম মোস্তফা জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

নিহত মো. জুলহাস মিয়া (৬০) জেলা শহরের বত্রিশ এলাকার আব্দুল গফুর মিয়ার ছেলে।

এ ঘটনায়  জুলহাসের ছোট ভাই মো. রুবেল মিয়াকে (৩৬) আটক করেছে পুলিশ।

ওসি বলেন, “পারিবারিক বিরোধের জেরে গত ৩ ডিসেম্বর দুপুরে রুবেল মিয়া বড় ভাই জুলহাস মিয়ার পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন। জুলহাসকে আহত অবস্থায় প্রথমে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”

সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনদিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকালে তিনি মারা যান বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, “গত ৩ নভেম্বর ছুরিকাঘাতের ঘটনার পর পরই রুবেলকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী। পরে তাকে আদালতে তোলা হলে বিচারকের নির্দেশে জেলা কারাগারে পাঠানো হয়।”

নিহত জুলহাসের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি গোলাম মোস্তফা।