২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে গয়না তৈরির কারিগরকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয় গাছে

মাথায় আঘাত করে তাকে হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে বলে ধারণা পুলিশের।

সাভারে গয়না তৈরির কারিগরকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয় গাছে
সাভার মডেল থানা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2025, 09:27 PM

Updated : 26 Aug 2026, 01:14 PM

ঢাকার সাভার উপজেলায় গয়না তৈরির এক কারিগরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে; যাকে হত্যা পর গলায় রসি বেঁধে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে ভাষ্য পুলিশের।

শনিবার বিকালে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের ভাকুর্তা স্কুলের পাশে সুরমা টায়ার কারখানা এলাকায় থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান ভাকুর্তা পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বিলায়েত হোসেন।

নিহত আব্দুল মালেক (৩৬) কান্দি ভাকুর্তা এলাকার প্রয়াত নুরুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় একটি মার্কেটে রুপার গয়না তৈরির কারিগর ছিলেন।

পুলিশ জানায়, টায়ার কারখানার পাশে মেহগনি গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় মালেকের মৃতদেহ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের মাথার ডান পাশের পেছনে জখমের চিহ্ন রয়েছে।

পুলিশ কর্মকর্তা বিলায়েত হোসেন বলেন, দুর্বৃত্তরা তাকে মাথায় আঘাত করে হত্যার পর লাশের গলায় রশি পেঁচিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।