১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

আড়িয়ল বিলের ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: আদিলুর

শুক্রবার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘরে নিজ বাড়িতে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 02:01 AM

Updated : 10 Sep 2026, 12:14 PM

আড়িয়ল বিল যারা অবৈধভাবে দখল করে রেখেছে সেইসব ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

শুক্রবার সকালে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘরে নিজ বাড়িতে এসে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “যার যার অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেই দেশটা ভাল থাকবে। সুন্দর, সুশৃঙ্খল, গৌরবোজ্জ্বল সত্যিকারের স্বাধীন বাংলাদেশ গঠনে নিজ নিজ অবস্থান থেকে সবাইকেই ভূমিকা রাখতে হবে।” 

এ সময় আড়িয়ল বিল এলাকায় যাতে ভূমিদস্যুরা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশাররেফ হোসেন, শ্রীনগর থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান, শ্রীনগর উপজেলা প্রকৌশলী মুহিফুল ইসলাম, মানবাধিকার কর্মী তাসকিন ফারহানা, মাকসুদ আহমেদ ও কাজী মুহিত।

মতবিনিময়ের আগে আদিলুর মা-বাবার কবর জিয়ারত করেন।