Published : 25 Apr 2026, 05:35 PM
নরসিংদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের কার্যক্রম পরিদর্শন করে খাবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শনিবার দুপুরে নরসিংদী পৌর শহরের বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়গুলোর অবস্থা দেখার অংশ হিসেবে নরসিংদীতে বিদ্যালয় পরিদর্শনে আসেন ববি হাজ্জাজ। এ সময় তিনি বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলে সরবরাহকৃত বনরুটি ও ডিম পর্যবেক্ষণ করেন। এসবের মান দেখে তিনি কিছু ত্রুটি দেখতে পান বলে সাংবাদিকদের জানান।
তিনি বলেন, “আগামীতে যেন মিড ডে মিল সরবরাহে এসব ত্রুটি না থাকে এবং কোনো জায়গা থেকে যেন কোনো অভিযোগ না আসে। শিক্ষার্থীদের আকৃষ্ট করতে সরকারের দেওয়া মিড ডে মিলের মাধ্যমে কোনো শিক্ষার্থী অসুস্থ হওয়ার মত এমন ত্রুটি-বিচ্যুতি যেন না হয় সে বিষয়ে সতর্ক করা হচ্ছে।
“এ ছাড়া যে জিনিসগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে যেমন বনরুটি, সেগুলো বদলে দেওয়ার চিন্তা-ভাবনা হচ্ছে। এরই মধ্যে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পুষ্টিবিদদের ডেকেছি। আরও লম্বা সময় সংরক্ষিত থাকতে পারে এমন কী খাবার আমরা শিক্ষার্থীদের দিতে পারি সেটা নিয়ে পরামর্শের জন্য। যেন নষ্ট হয়ে যাওয়ার ভয়টা কমে যায়। এসব নিয়ে কাজ করছি।”
এ সময় নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মুহাম্মদ রাসেদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিরঞ্জন কুমার রায় উপস্থিত ছিলেন।