Published : 06 Jul 2026, 03:34 PM
চাঁদপুর সদর উপজেলায় সড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ভোরে মতলব-বাবুরহাট-পেন্নাই সড়কে উপজেলার সাদ্দাম ব্রিজসংলগ্ন ধনপর্দী এলাকায় থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. ফয়েজ আহম্মেদ।
নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে স্থানীয় লোকজন সড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে সদর থানা পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহতের পরনে জিন্সের প্যান্ট ও কালো রঙের টি-শার্ট ছিল। তবে তার কাছে পরিচয় শনাক্ত করার মতো কোনও কাগজপত্র পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা শরীফ হোসেন বলেন, রোববার রাতে মুন্সীরহাট বাজার বাসস্ট্যান্ডে প্রজেক্টরে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় ওই যুবককে সাদ্দাম ব্রিজের ওপর বসে থাকতে দেখি। পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে শ্রমিক বলে পরিচয় দেন। তবে কোথা থেকে এসেছেন বলেননি।
চাঁদপুর পিবিআইয়ের পরিদর্শক তরুণ কান্তি দে বলেন, পরিচয় শনাক্তে নিহতের আঙুলের ছাপ সংগ্রহ করা হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।
এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন ওসি ফয়েজ আহম্মেদ।