বিস্ফোরক মামলা: পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যান ও সদস্য গ্রেপ্তার
বিএনপি নেতা ৮৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০০-২৫০ জনকে আসামি রেখে মামলা করেন।
পঞ্চগড়ের বোদা উপজেলায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার ঝলইশালশারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবুল হোসেন (৬০) এবং উপজেলার চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হাবিব (৪৬)।
বোদা থানার ওসি মো. আজিম উদ্দীন বলেন, বৃহস্পতিবার বিকালে আবুল হোসেনকে বাড়ি থেকে এবং জাকারিয়াকে উপজেলা পরিষদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পরে সন্ধ্যায় তাদের উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়ন পরিষদের গড়ের ডাংগা এলাকায় বোমা বিস্ফোরণের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পঞ্চগড়ের মুখ্য বিচারিক হাকিম তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠিানোর নির্দেশ দেন বলে ওসি আজিম উদ্দীন জানান।
২০২৪ সালের ৪ নভেম্বর উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়ন পরিষদের গড়ের ডাংগা এলাকায় মানিকপীর বেংহারি ফাজিল ডিগ্রি মাদরাসা মাঠে যুবদলের কর্মীসভায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা সোহাগ হোসেন ৮৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০০-২৫০ জনকে আসামি করে মামলা করেন।
