ফেনীতে উচ্ছেদ অভিযানে হামলার অভিযোগ, বিএনপি নেতাসহ আটক ৫
সোনাগাজী পৌরসভার বাখরিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজিদ আকন জানান।
ফেনীর সোনাগাজী পৌরসভায় নর্দমা নির্মাণে অবৈধ সীমানা প্রাচীর উচ্ছেদের সময় হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চার গ্রামবাসী আহত হয়েছেন। ঘটনায় জড়িত সন্দেহে বিএনপি নেতাসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পৌরসভার বাখরিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজিদ আকন জানান।
আটক ব্যক্তিরা হলেন- জেলা কৃষক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইন উদ্দিন (৫০), তার ছেলে নিহাল আহমেদ ওরফে অমি (২০), তাদের সহযোগী আব্দুস শুক্কুর (৫০), শাহাদাত হোসেন মিশন (১৭) ও সোহেল কামাল (২৮)।
প্রশাসন ও পুলিশ জানায়, সোনাগাজী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বাখরিয়া গ্রামে নর্দমা নির্মাণের জন্য পূর্ব নির্ধারিত উচ্ছেদ অভিযান পরিচালনা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন। এ গ্রামবাসী পৌরসভার ঠিকাদারের লোকজনকে সহযোগিতা করছিল।
এক্সকেভেটর দিয়ে অবৈধ সীমানা প্রাচীর ভাঙার একপর্যায়ে মাইন উদ্দিন ও সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে বাখরিয়া গ্রামের আব্দুল আজিজ দুলাল (৩৫), মোহাম্মদ লিটন (৪০), নোমান হোসেন (৩০) ও আবিদুর রহমান (৪৫) আহত হন। এর মধ্যে দুলাল ও আবিদুর সোনাগাজী উপজেলা কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
পরে হামলার খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এসে পাঁচজনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হামলার বিষয়ে বিএনপি নেতা মাইন উদ্দিনের এক স্বজন দাবি করেন, “সীমানা প্রাচীর নিয়ে পৌরসভার সঙ্গে বিরোধ থাকায় ২৩ জুলাই আদালতে ১৪৫ ধারায় পৌরসভার বিরুদ্ধে মামলা হয়েছিল। সেটা উপেক্ষা করে যৌথবাহিনী আর গ্রামের লোকদের নিয়ে পৌর প্রশাসন উচ্ছেদ চালিয়েছে। আমাদের লোকজন উচ্ছেদকারীদের বাধা দিয়েছে।”
হামলায় আহত আবদুল আজিজ দুলাল বলেন, তিনি চোখে গুরুতর আঘাত পেয়ে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন।
সোনাগাজী পৌর বিএনপির সদস্যসচিব নিজাম উদ্দিন বলেন, “মাইন উদ্দিনকে পৌর বিএনপির প্রস্তাবিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে রাখা হয়েছে। সেই কমিটি এখনো অনুমোদন হয়নি। তবে যে ঘটনা ঘটেছে সেটি তার পারিবারিক। এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।”
ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল বলেন, “মাইন উদ্দিন বর্তমানে দলের কোনো পদে নেই। তিনি যদি ফৌজদারি অপরাধ করেন তাহলে প্রচলিত আইনে বিচার হবে।”
সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজিদ আকন বলেন, “হামলাকারীদের কাছ থেকে দেশীয় তৈরি চাপাতি, ধামা ও ছুরি উদ্ধার করা হয়েছে।”
সোনাগাজীর ইউএনও ও পৌর প্রশাসক নাজিয়া হোসেন বলেন, হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
