২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাইন কাটা, ময়মনসিংহ-নেত্রকোণা শহরে গ্যাস বন্ধ

“সকালে হোটেল থেকে রুটি কিনে নাস্তা করা হয়েছে।”

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2024, 01:44 PM

Updated : 26 Aug 2026, 09:51 AM

সঞ্চালন পাইপে ত্রুটির কারণে ময়মনসিংহ ও নেত্রকোণা শহরের তিতাসের গ্রাহকরা গ্যাস পাচ্ছে না। এতে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। 

সোমবার রাত ১১টা থেকে এ পরিস্থিতি তৈরি হয় বলে ময়মনসিংহ তিতাস গ্যাস অফিসের ম্যানেজার (অপারেশন) হিমটন পাল জানান।

এর আগে এদিন সকালে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নারায়ণপুর গ্রামে ঢাকা-ময়মনসিংহ তিতাস গ্যাস সঞ্চালন পাইপ ক্ষতিগ্রস্ত হয়।

একটি কোম্পানির ভবন নির্মাণ কাজের জন্য পাইলিং করতে গেলে গ্যাস লাইনে আঘাত লাগে। এতে পাইপ ছিদ্র হয়ে গ্যাস বের হয়ে যাওয়ায় রাত থেকে ‍দুই জেলায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।

হিমটন বলেন, “লিকেজ সারানোর জন্য আমাদের টিম সোমবার রাত থেকে চেষ্টা করছে। আমাদের নিরাপত্তার জন্য সম্পূর্ণ গ্যাস শূন্য হওয়ার পর কাজ শুরু করতে হয়। সেই নিয়ম অনুসারে আমরা কাজ করতেছি; দ্রুত সময়ের মধ্যে গ্যাস সরবরাহ করতে পারব।”

তিতাস গ্যাস কোম্পানির ডিজিএম নারায়ণ চন্দ্র দে বলেন, “অত্যন্ত স্পর্শকাতর গ্যাসের সঞ্চালন লাইনের পাইপ ছিদ্র হয়েছে। এটা মেরামতের প্রক্রিয়া অত্যন্ত জটিল।

“সঞ্চালন লাইনের মেরামত কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। তবে কখন সংযোগ স্বাভাবিক হবে তা বলা যাচ্ছে না।”

ময়মনসিংহ নগরীর তিতাস গ্যাসের গ্রাহক রবিউল ইসলাম বলেন, “মঙ্গলবার সকাল থেকে গ্যাস নেই। এতে রান্নার সমস্যা হচ্ছে।

“সকালে হোটেল থেকে রুটি কিনে নাস্তা করা হয়েছে। কখন পরিস্থিতি স্বাভাবিক হবে তাও বুঝতে পারছি না।”