২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

গাইবান্ধায় পুড়ল পাটের গুদাম, ৩ বসতবাড়ি

ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন, আগুনে সহস্রাধিক মণ পাট পুড়ে গেছে। তাদের প্রায় চার কোটি টাকার ক্ষতি হয়েছে।

গাইবান্ধায় পুড়ল পাটের গুদাম, ৩ বসতবাড়ি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি পাটের গুদাম সম্পূর্ণ পুড়ে গেছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2022, 06:31 PM

Updated : 21 Dec 2022, 06:31 PM

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে একটি পাটের গুদাম ও তিনটি বসতবাড়ি পুড়ে গেছে।

বুধবার বেলা পৌনে ১১টার দিকে মহিমাগঞ্জ বাজারে এই অগ্নিকাণ্ড ঘটে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গোবিন্দগঞ্জ স্টেশনের ইনচার্জ আরিফ আনোয়ার জানান।

ক্ষতিগ্রস্ত পাট গুদামের মালিক আজাহার আলী বেপারী। এ ছাড়া বসতবাড়ি তিনটির মালিক মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধান, তার শ্বশুর মজিবর রহমান ও চাচা শ্বশুর ফেরদৌস আলম।

ক্ষতিগ্রস্তরা বলেন, বেলা পৌনে ১১টার দিকে মহিমাগঞ্জ বাজারের পশ্চিমদিকে পাট ব্যবসায়ী আজাহার আলী বেপারীর গুদামে ধোঁয়া দেখতে পাওয়া যায়। এই আগুন পাশের তিনটি বাড়িতে দ্রুত ছড়িয়ে পরে মূহূর্তেই বাড়িগুলো পুড়ে যায়।

এ সময় স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিস ও ৯৯৯ নম্বরে ফোন করে এবং নিজেরাও আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পাঠালেও ফায়ার সার্ভিসের সদস্যরা আসতে দেরি করেন বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্তরা।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফ আনোয়ার বলেন, গোবিন্দগঞ্জ, সাঘাটা ও বগুড়ার সোনাতলা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের সূত্রপাতের উৎস কোথায় থেকে তা তদন্ত করে দেখা হচ্ছে। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।

তবে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন, আগুনে সহস্রাধিক মণ পাট পুড়ে গেছে। তাদের প্রায় চার কোটি টাকার ক্ষতি হয়েছে।