ময়মনসিংহে ডেঙ্গুতে যুবকের মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২২ জন; যাদের বেশিরভাগ নগরের বাসিন্দা।
ময়মনসিংহে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত এক মাসে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হলো। এ ছাড়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ৭০ জন; যা ঊর্ধ্বমুখী বলছে কর্তৃপক্ষ।
রোববার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয় বলে জানান হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পার্সন ও জুনিয়র কনসালটেন্ট চিকিৎসক মো. মোস্তফা ফয়সাল রাহাত।
মৃত ইমরান হোসেন (৩৮) সদর উপজেলার পশ্চিম দাপুনিয়া এলাকার আব্দুল মান্নানের ছেলে।
এদিকে নগরে প্রতিদিনি বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এতে হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। ডেঙ্গু প্রতিরোধে দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় অসন্তোষ সৃষ্টি হয়েছে ভুক্তভোগী মহলে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানা গেছে, হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ৭০ রোগী ভর্তি আছেন। এর মধ্যে পুরুষ ৪১ জন, নারী ২১ এবং শিশু রয়েছে আটজন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২২ জন। তবে এ সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন। সেই হিসাবে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা।
জুনিয়র কনসালটেন্ট মোস্তফা ফয়সাল রাহাত বলেন, প্রতিদিন ডেঙ্গু ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হচ্ছে। আক্রান্তদের বেশিরভাগ স্থানীয় বাসিন্দা; যা নগরবাসীর জন্য অশনি সংকেত। এজন্য মশক নিধন কার্যক্রমে সিটি করপোরেশন কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করেছেন তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতালে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। এ পরিস্থিতি সামাল দিতে বর্তমানে ডেঙ্গু ওয়ার্ডে ২৪টি শয্যায় রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। কিন্তু ২৪টি শয্যার বিপরীতে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ৭০ রোগী।
রোগীদের অভিযোগ, হাসপাতালে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম থাকলেও শয্যার সংকট প্রবল। এতে রোগীদের চিকিৎসা নিতে বেগ পেতে হচ্ছে। সেইসঙ্গে সেবা প্রদানকারী জনবলেও ঘাটতি রয়েছে। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি নগরের বাউন্ডারি রোড এলাকার বাসিন্দা মো. জামান মিয়া বলেন, “মশা নিধনে সিটি করপোরেশনের কোনো উদ্যোগ নেই। ফলে প্রতিদিনই মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। বর্তমানে আমার এলাকায় অন্তত ৩০ জন আক্রান্ত। আমি বহুতল ভবনের ছয়তলায় থাকি, তারপরও ডেঙ্গু ধরা পড়ে তিন দিন ধরে হাসপাতালে আছি।”
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনুদ্দিন খান বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিশ্চিতের জন্য হাসপাতালের প্রশাসনিক ভবনের চার তলায় ডেডিকেটেড ওয়ার্ড চালুর পাশাপাশি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
রোগীদের সার্বক্ষণিক ফলোআপে রাখা হচ্ছে; এক্ষেত্রে যাদের শরীরে টানা জ্বর, সর্দি এবং ঠান্ডার সমস্যা আছে, তাদেরকে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলেছেন তিনি।
