২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ধর্ষণ মামলার দুই আসামি গাজীপুর ও নারায়ণগঞ্জে গ্রেপ্তার

ঈশ্বরগঞ্জ ও ত্রিশাল থানায় ওই দুইজনের বিরুদ্ধে আলাদা ধর্ষণ মামলা রয়েছে।

ময়মনসিংহে ধর্ষণ মামলার দুই আসামি গাজীপুর ও নারায়ণগঞ্জে গ্রেপ্তার
মোস্তাফিজুর রহমান ও শরীফ মিয়া।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2025, 05:30 PM

Updated : 26 Aug 2026, 01:30 PM

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ এবং ত্রিশাল উপজেলায় দুটি আলাদা ধর্ষণ মামলার দুই আসামিকে গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

শনিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১৪ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান। 

গ্রেপ্তাররা হলেন- ঈশ্বরগঞ্জ উপজেলার তারাটি গ্রামের বাসিন্দা মো. শরীফ মিয়া (১৯) এবং ত্রিশাল উপজেলার ধানীখোলা দক্ষিণ ভাটিপাড়া গ্রামের বাসিন্দা মো. মোস্তাফিজুর রহমান (২২)। 

মামলার বিবরণে জানা গেছে, স্কুলে আসা-যাওয়া পথে এক শিক্ষার্থীকে প্রায় বিরক্ত করতেন শরীফ মিয়া। ১৩ জুন ওই ছাত্রীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেন শরীফ।

এ ঘটনায় ১৫ জুন ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় ধর্ষণ মামলা করেন। ঘটনার পর থেকে শরীফ পলাতক ছিলেন। 

শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

ত্রিশাল থানায় হওয়া মামলা থেকে জানা গেছে, মোস্তাফিজুর কলেজ পড়ুয়া এক শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। ২০ মে রাতে মেয়েটির বাড়িতে গিয়ে তাকে ধর্ষণ করেন মোস্তাফিজুর।

এ ঘটনায় ২২ জুলাই ভুক্তভোগী মেয়েটির বাবা বাদী আদালতে মামলা করেন। ঘটনার পর থেকে মোস্তাফিজ পলাতক ছিলেন। 

তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার রাত ৯টার দিকে গাজীপুরের বাসন থানা এলাকা থেকে মোস্তাফিজুরকে গ্রেপ্তার করে র‌্যাব।

অতিরিক্ত পুলিশ সুপার সামসুজ্জামান বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।