২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জ সিটি পার্কের লেকে ভাসছিল লাশ, পাড়ে বড়শির ছিপ

ওই ব্যক্তি বড়শি দিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন বলে জানিয়েছে পুলিশ।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2025, 07:58 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

নারায়ণগঞ্জ সিটি পার্কের লেক থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া ঘটনাস্থলের পাশে পাওয়া গেছে একটি বড়শির ছিপ।

বুধবার বিকাল ৫টার দিকে নগরের দেওভোগে পার্কের লেকের পশ্চিম পাশ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন।

নিহতের রিপন সরদার (৫০) বরিশালের উজিরপুর উপজেলার প্রয়াত জলিল সরদারের ছেলে। তিনি নারায়ণগঞ্জ নগরের তাঁতীপাড়া এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

নিহতের স্বজনদের বরাতে পুলিশ পরিদর্শক জামাল উদ্দিন বলেন, রিপন সরদার বড়শি দিয়ে মাছ ধরে তা বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। মঙ্গলবার রাত ৯টার দিকে বড়শি নিয়ে বাসা থেকে বের হন তিনি। পরে আর বাড়ি ফেরেননি।

“রাতে থেকে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজখবরও করছিলেন। কিন্তু লাশটি যেখানে ছিল সেখানে গাছ ও ঝোপঝাড়ে বেষ্টিত থাকায় চোখে পড়েনি”, বলেন তিনি

দেওভোগের বাসিন্দা মো. রায়হান বলেন, “দূর থেকে আম গাছের নিচে একটি হাত ভাসতে দেখে সন্দেহ হয়। পরে লেকপাড়ে নেমে দেখি একজন মানুষের লাশ। তখন আশেপাশের মানুষ জড়ো হলে, পুলিশকে খবর দেওয়া হয়।”

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ পরিদর্শক জামাল উদ্দিন।