২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসাম্প্রদায়িক দেশ গড়তে একযোগে কাজ করতে হবে: জামায়াত সেক্রেটারি

গাইবান্ধায় এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2024, 09:32 PM

Updated : 10 Sep 2026, 12:17 PM

অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেছেন, “এখন নতুন অসাম্প্রদায়িক দেশ গড়তে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। ওরা (আওয়ামী লীগ) আমাদের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিলো আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিলো। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে এখন আমাদের কাজ করতে হবে।”

সোমবার গাইবান্ধায় হোটেল আর রহমান কমিউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।

ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জামায়াতে ইসলামীর এ নেতা বলেন, “ছাত্ররা এদেশের মানুষকে এক শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে উদ্ধার করেছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকার সারাদেশে জামায়াতের ৪০০ নেতাকে গুলি করে হত্যা করেছে। এই জালিম সরকার হেলিকপ্টার থেকে গুলি করে চার বছরের শিশুকে হত্যা করেছে। অবশ্যই এদের বিচার করতে হবে।”

“যারা গুলি চালিয়ে দেশের ছাত্র-জনতাকে হত্যা করে লাশে আগুন ধরিয়ে দিয়েছে; তাদের বিচার করতেই হবে। আমরা এই নির্মম, নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

তিনি বলেন, “ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ হিন্দু-মুসলিমদের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে। অথচ তাদের সময়ে তাদের দ্বারাই সবচেয়ে বেশি হিন্দু নির্যাতনের শিকার হয়েছে।” 

গাইবান্ধা জেলা শাখার আমির মো. আব্দুল করিমের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকারের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সাবেক জেলা আমির ডা. আব্দুর রহিম সরকার, জেলা নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, অধ্যাপক মাজেদুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি সৈয়দ আব্দুস সালেক, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, মাওলানা সাইদুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি নুরুন্নবী প্রধান, জেলা কর্মপরিষদ সদস্য মো. সাইফুল ইসলাম মণ্ডল, মো. ফয়সাল কবির, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি ওমর সানি আকন্দ, জেলা সেক্রেটারি ফেরদৌস সরকার রুম্মান। 

পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গাইবান্ধার নিহত ছয়জনের পরিবারকে ছয় লাখ টাকা সহায়তা দেওয়া হয়।