Published : 03 Sep 2026, 11:53 AM
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বাসের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ১২ বছরের ছেলে আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে সদরের পশ্চিমপাড়ায় সাদুল্লাপুর-মাদারগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে সাদুল্লাপুর থানার এস আই আবু তালেব জানিয়েছেন।
নিহত গোলাম রব্বানী (৩৫) গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের জিন্নাহ মিয়ার ছেলে। তিনি সাদুল্লাপুর সরকারি কলেজের হিসাব রক্ষক পদে কর্মরত ছিলেন।
পরিবারসহ তিনি সাদুল্লাপুর উপজেলা সদরে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।
এ দুর্ঘটনায় আহত গোলাম রব্বানীর ছেলে আরাবীকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে গোলাম রব্বানী তার ছেলে আরাবীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে উপজেলা সদরের পশ্চিমপাড়ার একটি মাদ্রাসায় যাচ্ছিলেন।
পথে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে বাবা-ছেলে সড়কে ছিটকে পড়েন। পরে বাসের চাকা গোলাম রব্বানীর মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার ছেলে আরাবী আহত হয়।
এসআই আবু তালেব বলছেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় আনে। বাসটি আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।