২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ঈশ্বরগঞ্জে এনসিপি নেতাসহ ৩ জন পিটুনির শিকার

এনসিপি নেতা মোজাম্মেল হককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2025, 12:05 AM

Updated : 26 Aug 2026, 05:06 PM

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘অনিয়ম, দূর্নীতি, দালালের দৌরাত্ম ও সিন্ডিকেটের’ অভিযোগ এনে মানববন্ধন করতে এসে পিটুনির শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতাসহ তিনজন।

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনার সময় সেখান থেকে পুলিশ একজনকে আটক করেছে। 

আহতরা হলেন-এনসিপির ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী ও ময়মনসিংহ জেলা এনসিপির সদস্য মো. মোজাম্মেল হক, ময়মনসিংহ জেলা এনসিপির সংগঠক মাসুম বিল্লাহ ও ছাত্রশিবির কর্মী শিহাব উদ্দিন। 

তাদের মধ্যে এনসিপি নেতা মোজাম্মেল হককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

বৈষম্যবিরোধী ছাত্রনেতা হাসানুর রহমান সজিব ও মোহাইমিনুল ইসলাম শিহাব বলেন, ‘হাসপাতালের দুর্নীতি, অনিয়ম, দলাল চক্র ও  সিন্ডিকেটের’ বিরুদ্ধে দলমত নির্বিশেষে সাধারণ জনগণের ব্যানারে মানববন্ধনে অংশ নিতে গেলে একটি দালাল চক্র এবং হাসপাতালের ‘কর্মীদের কিছু লোক’ এনিসিপির নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। 

এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, “অনতিবিলম্বে দোষীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।” 

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমান বলেন, হাসপাতালের সামনে মানববন্ধন করতে গেলে ‘উপস্থিত জনতা’ গণপিটুনি দিয়ে কয়েকজনকে আহত করে। তাদের একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। 

তিনি বলেন, হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জাকির হোসাইন বলেন, “মানববন্ধনকে কেন্দ্র করে হাসপাতালের বাইরে যে ঘটনাটি ঘটেছে এ সম্পর্কে আমি অবগত না। হঠাৎ সংবাদ আসে বাইরে গণ্ডগোল হচ্ছে। আমি অফিসের স্টাফদের মাধ্যমে জানতে পারলাম মানববন্ধন করতে আসা লোকদেরকে স্থানীয় বাসিন্দারা প্রতিহত করেছে। 

“পরবর্তীতে ইউএনও এবং ওসিকে জানালে করলে তারা এসে বিষয়টি সমাধানের চেষ্টা করেন।”