অতিরিক্ত ভাড়া: নোয়াখালীতে ৫ পরিবহনকে জরিমানা, ১০ মামলা
অভিযানে যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়।
নোয়াখালী থেকে ঢাকা ও চট্টগ্রামগামী বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে পাঁচ পরিবহনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া পরিবহন সংশ্লিষ্টদের বিরুদ্ধে ১০টি মামলা করা হয়েছে।
শুক্রবার বিকালে ও শনিবার দুপুরে শহরের বিভিন্ন বাস টার্মিনাল ও কাউন্টারে এই অভিযান চালান নোয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী হাকিম সেজান আহমেদ।
অভিযানে লাল সবুজ পরিবহন, হিমাচল পরিবহন, নীলাচল পরিবহন, একুশে পরিবহন ও স্বাধীন বাংলা পরিবহনকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়।
এতে বিআরটিএ, নোয়াখালীর সরকারী রাজস্ব কর্মকর্তা সুজত রায়, সহকারী মোটরযান পরিদর্শক জাকির হোসেন, পেশকার তাপস পালসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
যাত্রীদের অভিযোগ, ঈদের পরদিন নোয়াখালী থেকে ঢাকা অভিমুখী এসি বাসে নিয়মিত ভাড়ার চেয়ে দেড়শ টাকা বাড়িয়ে ৭০০ টাকা নেওয়া হচ্ছে। একই পথে ননএসি বাসে ১০০ টাকা বাড়িয়ে ৬০০ টাকা এবং চট্টগ্রামমুখী বাসে ৩০০ স্থলে ৪০০ টাকা নেওয়া হচ্ছে।
অতিরিক্ত ভাড়া নেওয়ার কথা স্বীকার করে বাস কাউন্টার ম্যানেজাররা জানান, নোয়াখালী থেকে যাওয়ার সময় যাত্রীর চাপ থাকলেও ঢাকা ও চট্টগ্রাম থেকে বাস খালি ফেরত আসায় লোকসান পুষিয়ে নিতে কিছু টাকা বেশি নেওয়া হচ্ছে।
রাজস্ব কর্মকর্তা সুজত রায় বলেন, ঈদুল ফিতরের পর যাত্রীদের নিরাপদে কর্মস্থলে ফেরা নিশ্চিত করা, গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করাসহ টার্মিনালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য দুই দিন ধরে বাস টার্মিনাল ও কাউন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে কিছু পরিবহনকে জরিমানা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
