২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দত্তক নেওয়া’ শিশুকে যৌন নিপীড়ন-নির্যাতন: ‘পালক মা’ গ্রেপ্তার

বরিশাল নগরীর পুলিশ লাইন্স রোড আমবাগান এলাকার বাসা থেকে ওই নারীকে গ্রেপ্তার করা হয়।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2025, 08:00 PM

Updated : 26 Aug 2026, 05:27 PM

বরিশালে ‘দত্তক নেওয়া’ কন্যাশিশুকে নির্যাতনের অভিযোগে ‘পালক মা’কে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানার এসআই মাজেদুল ইসলাম বলেন, সোমবার রাতে নগরীর পুলিশ লাইন্স রোড আমবাগান এলাকার বাসা থেকে ওই নারীকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার নারীর নাম এ্যাডেলিন বিশ্বাস (৩৫)। তিনি শিশুটিকে ছোটবেলায় মৌখিকভাবে তার বাবা-মায়ের কাছ থেকে ‘দত্তক’ নেন বলে পুলিশ জানিয়েছে। শিশুটির বয়স এখন ১২। 

এ ঘটনায় এসআই মাজেদুল বাদী হয়ে শিশু নির্যাতন ও যৌন নিপীড়নের অভিযোগে এ্যাডেলিন বিশ্বাস ও তার ভাই জনি বিশ্বাসকে আসামি করে মামলা করেন।  

মামলার বরাতে পুলিশ জানায়, শিশুকে ‘দত্তক নিয়ে’ এ্যাডেলিন বাসায় গৃহপরিচারিকার কাজ করাতেন। কাজে ভুল হলে শিশুকে প্রতিদিন মারধর করা হত। উচ্ছিষ্ট খাবার দেওয়া হত। এবং এ্যাডেলিনের ভাই জনি বিশ্বাস শিশুটিকে যৌন নিপীড়ন করতেন।

শিশুটি এসব কথা বাড়ির অপর গৃহপরিচারিকা ঝুমুর বেগমকে জানায়। শিশুটি তাকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অনুরোধ করে। ২ নভেম্বর ঝুমুর বেগম শিশুটিকে বাসা থেকে নিয়ে যায়। এ ঘটনায় ১২ নভেম্বর কোতোয়ালী মডেল থানায় শিশু অপহরণের অভিযোগে মামলা করেন এ্যালেডিন।  

২ ডিসেম্বর ঝুমুর বেগমকে গ্রেপ্তার ও শিশুটিকে উদ্ধার করা হয়। পরে অপহরণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঝুমুর বেগমকে কারাগারে পাঠায় পুলিশ। পাশাপাশি শিশুটির জবানবন্দি গ্রহণ করেন  বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এস এম শরিয়ত উল্লাহ। 

জবানবন্দির পর এ্যালেডিন বিশ্বাস ও জনি বিশ্বাসের বিরুদ্ধে মামলার নির্দেশ দেন বিচারক। 

এসআই মাজেদুল ইসলাম বলেন, সেই পরিপ্রেক্ষিতেই মামলা ও এ্যালেডিন বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। এ্যালেডিন বিশ্বাসকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।