২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি কার্যালয়ে আগুন: মানিকগঞ্জের ছাত্রলীগ নেতা রংপুরে গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৪ অগাস্ট বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার আসামি ছিলেন সামিউর।

বিএনপি কার্যালয়ে আগুন: মানিকগঞ্জের ছাত্রলীগ নেতা রংপুরে গ্রেপ্তার
গ্রেপ্তার সামিউর রহমান কম্পন।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2024, 11:45 PM

Updated : 26 Aug 2026, 10:52 AM

মানিকগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সামিউর রহমান কম্পনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রংপুরের পীরগঞ্জ উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান মানিকগঞ্জ সদর থানার ওসি এস এম আমানুল্লাহ।

গ্রেপ্তার সামিউর রহমান মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

বুধবার ওসি আমানুল্লাহ জানান, সামিউর রহমান পীরগঞ্জ উপজেলায় ডা. এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে আত্মগোপনে ছিলেন। গোপন খবর পেয়ে পীরগঞ্জ থানার সহযোগিতা অভিযান চালায় মানিকগঞ্জ সদর থানার পুলিশ।

“অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে সামিউর ছাদের পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে আহত হন। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তাকে মানিকগঞ্জ আনা হবে।”

পুলিশ জানায়, ৪ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহরে শহীদ রফিক সড়কে বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সেই সময় গুলিতে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউর রহমান খান আহত হন।

এ ঘটনায় ২৫ সেপ্টেম্বর মানিকগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আইনজীবী মুরাদ হোসেন বাদী হয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯১ নেতাকর্মীর নামে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেন।

মামলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আবদুস সালাম ও সদস্য আবদুস সালামসহ ৯১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ১৫০ জনকে আসামি করা হয়। এ মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা সামিউর রহমানের নাম রয়েছে।