১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

যেসব গণমাধ্যম গুজব ছড়াচ্ছে, সেগুলোর প্রমাণ রাখা হচ্ছে, জানালেন আসিফ

“আমরা স্থানীয় সরকার নির্বাচনের বিষয় নির্বাচন কমিশনকে বলতে পারি।”

যেসব গণমাধ্যম গুজব ছড়াচ্ছে, সেগুলোর প্রমাণ রাখা হচ্ছে, জানালেন আসিফ
কুমিল্লার মুরাদনগরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2025, 04:08 PM

Updated : 26 Aug 2026, 01:10 PM

যেসব গণমাধ্যম উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এলজিআরডি, ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এই উপদেষ্টা বলেন, “আমাদের যে মুক্তিযোদ্ধা অধ্যাদেশ হয়েছে, সেটি নিয়েও গুজব ছড়িয়েছে। এমনকি মূলধারার গণমাধ্যমও সেটি প্রচার করেছে। এটি অত্যন্ত দুঃখজনক। সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়াতে পারে, কিন্তু সেটা যদি মূলধারার গণমাধ্যমে প্রকাশিত হয় এবং পরবর্তীতে ফ্যাক্ট চেকের মাধ্যমে জানতে হয়- তাহলে আমরা জাতি হিসেবে পিছিয়ে পড়া। 

“এটা অনেকেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে করে থাকেন। আপনারা দেখেছেন, চাঁদপুরের একটি ঘটনা আমার বাড়ির ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়েছে। আমার বাবার মানহানি করা হয়েছে।”  

উপদেষ্টা বলেন, “আমরা তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলছি এবং ডকুমেন্টেশন করে রাখছি যে, কোন কোন মিডিয়ায় এসব নিউজগুলোকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হয়েছে এবং মিসলিড শিরোনাম করা হয়েছে। সে ক্ষেত্রে একজন নাগরিক হিসেবে, সরকারের অংশ হিসেবে নয়, আমি যথাযথ আইনগত পদক্ষেপ নেব। যে কারো মানহানি হলে একজন নাগরিক হিসেবেই তিনি আইনি পদক্ষেপ নিতেই পারেন।”

সোমবার সকালে কুমিল্লার মুরাদনগরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন।

এ সময় জাতীয় নির্বাচন প্রসঙ্গে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের যে সম্ভাব্য সময় দেওয়া হয়েছে, তা মাথায় রেখে যথাসময়ে রোডম্যাপ দেবে নির্বাচন কমিশন। আগে রাজনৈতিক দলগুলোর একটি ভাবার বিষয় ছিল যে, স্থানীয় সরকার নির্বাচন আগে দিলে জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে। কিন্তু এখন তো প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের একটি সম্ভাব্য সময় ঘোষণা করেছেন।” 

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, “এ ছাড়া আমরা অনেক জনকল্যাণমূলক কাজ করার চেষ্টা করছি, কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় মানুষের দৈনন্দিন সেবা বিঘ্নিত হচ্ছে। এদিকটা চিন্তা করে আমরা স্থানীয় সরকার নির্বাচনের বিষয় নির্বাচন কমিশনকে বলতে পারি। সরকার আগে থেকেই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইতিবাচক ছিল।” 

এ সময় সেখানে কুমিল্লার পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া উপস্থিত ছিলেন।