Published : 06 Apr 2026, 12:14 AM
‘লিঙ্গ পরিচয় গোপনের’ অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের এক নেতাকে সংগঠন থেকে বাদ দেওয়া হয়েছে।
সংগঠনের সব পদ থেকে ‘অব্যাহতি’ পাওয়া এ ছাত্রদল নেতা হলেন- সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ের কলেজ কমিটির সাংস্কৃতিক সম্পাদক রেদোয়ান ইসলাম।
রোববার জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মামুন খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতি দেওয়া হয়।
এতে বলা হয়, “ব্যক্তিগত তথ্য গোপন রাখা ও সংগঠনের নিয়মবহির্ভূত কার্যক্রমের দায়ে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে রেদোয়ান ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান ও সদস্যসচিব সমীর চক্রবর্তী রোববার এই সিদ্ধান্ত অনুমোদন করেন।”
গত শনিবার কসবা উপজেলায় সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ের ৫১ সদস্যের ছাত্রদল পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে রেদোয়ান ইসলামের ‘ট্রান্সজেন্ডার’ হওয়ার বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা তৈরি হয়।
জেলা ছাত্রদলের সদস্যসচিব সমীর চক্রবর্তী বলেন, “কমিটি দেওয়ার আগে জীবনবৃত্তান্তে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেদোয়ান ইসলাম নিজের জেন্ডারের তথ্য গোপন করেন। এতে তিনি নিজেকে পুরুষ বলেন।
“কিন্তু কমিটি ঘোষণার পর জানা যায় তিনি অপারেশন করে পুরুষ থেকে নারী হয়েছেন। তথ্য গোপন করার অভিযোগে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।”
এ ঘটনায় রেদোয়ান ইসলাম একটি ভিডিও বার্তা দিয়েছেন। তিনি বলেন, “অনেকে বুঝে না বুঝে নানা ধরনের মন্তব্য করছেন। সাংস্কৃতিক অঙ্গনে কাজ করে এমন মানুষ হিসেবে আমাকে যুক্ত করা হয়। কিন্তু আমাকে নিয়ে এমনভাবে কথা বলা শুরু হয়েছে যে, যেন আমাকে কোনো সংসদ আসন দেওয়া হয়েছে। আমি মনে করি, যার যে যোগ্যতা আছে সেভাবে কাজ করতে পারবে। সে ছেলে নাকি মেয়ে তা বিষয় না।”