শেরপুর-২ আসন: আপিলে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির ফাহিম
বাংলাদেশের পাশাপাশি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব থাকার অভিযোগে ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করেছিল রিটার্নিং কর্মকর্তা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাতিলের পর আপিলে ফিরে পেয়েছেন।
দ্বৈত নাগরিকত্ব নিয়ে জটিলতা নিরসনে রোববার সন্ধ্যা ৭টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম আপিল শুনানি শেষে বিএনপি প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।
বাংলাদেশের পাশাপাশি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব থাকার অভিযোগে ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করে শেরপুর জেলা রিটার্নিং কর্মকর্তা। পরে নির্বাচন কমিশনে আপিল করেন তিনি।
পরে ফাহিম চৌধুরী কমিশনের কাছে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ত্যাগের যথাযথ তথ্য প্রমাণ উপস্থাপন করলে প্রার্থিতা বৈধ ঘোষণা করেন কমিশন। এতে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনও আইনি বাধা রইল না।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে ফাহিম চৌধুরীর নেতাকর্মীদের মাঝে স্বস্তি ফিরেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদেরকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে।
