২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষকের বিচার দাবিতে মধ্যরাতে হল থেকে বেরিয়ে বিক্ষোভ

“গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না৷"

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি. রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2025, 09:02 AM

Updated : 26 Aug 2026, 11:59 AM

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে শনিবার মধ্যরাত ও রোববার সকালে থেকে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাত পৌনে দুইটায় বিভিন্ন হল থেকে বেরিয়ে বিশ্ববিদ্যালয়ের বটতলায় জড়ো হয়। পরে একটি মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘোরে। এরপর রাত পৌনে ৩টায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

বিক্ষোভে অংশ নেওয়া নৃবিজ্ঞান বিভাগের নাজমুল ইসলাম বলেন, “মাগুরাতে আট বছরের শিশু পর্যন্ত ধর্ষকের হাত থেকে রক্ষা পায়নি। শনিবার গাজীপুরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে সে দৃশ্য নিজের স্মার্টফোনে ধারণ করে এক ইয়াবা আসক্ত তরুণ। এসব ঘটনার দৃশ্যমান বিচার না হওয়ার কারণে, ক্রমান্বয়ে ধর্ষণের মত অপরাধ বেড়ে চলেছে।”

তিনি বলেন, “পতিত স্বৈরাচার শেখ হাসিনার সময় দেশে যেভাবে একের পর এক অপরাধ সংঘটিত হতো বর্তমানেও একই অবস্থা বিরাজ করছে। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না৷"

আন্দোলনকারী আরেক শিক্ষার্থী সামসুজ্জামান সায়েম বলেন, “অবিলম্বে ধর্ষকদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে। তা না হলে, আপামর ছাত্র-জনতা আমাদের মা-বোনদের নিরাপত্তার জন্য ফের আন্দোলন গড়ে তুলবে৷”

এদিকে শনিবার রাত আড়াইটার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

এর মধ্যে বেগম সিরাজুন্নেসা মুজিব হলের প্রভোস্ট গেট খোলার অনুমতি না দেওয়ায় ছাত্রীদের প্রতিবাদে অংশগ্রহণ করতে বাধা দেয় হলের নিরাপত্তাকর্মীরা। পরবর্তীতে ফটকের তালা ভেঙে মিছিলে অংশগ্রহণ করেন প্রতিবাদী শিক্ষার্থীরা।

মিছিলে শিক্ষার্থীরা “উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস; ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাই নাই; ‘ধর্ষকদের মৃত্যুদণ্ড, কার্যকর করতে হবে’; ‘একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে কবর দে’; ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’ স্লোগান দিতে থাকেন।

মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে সমাবেশ করে শিক্ষার্থীরা। 

এসময় বিশ্ববিদ্যালয়ের শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের শিক্ষার্থী পলাশ বখতিয়ার বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা তারা ভোগ করে যাচ্ছে, কোনো দায়িত্ব তারা পালন করছে না। আমরা শাবিপ্রবি থেকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিতে চায়, যদি ২৪ ঘণ্টার মধ্যে শিশু ধর্ষকদের বিচার নিশ্চিত করতে না পারে, তাহলে জাহাঙ্গীরকে কালকেই পদত্যাগ করতে হবে। 

“যে স্ফুলিঙ্গ শাবিপ্রবিতে শুরু হয়েছে, তা পুরো বাংলাদেশে ছড়িয়ে গেছে। তাই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করাতে আমাদের ২৪ ঘণ্টাও সময় লাগবে না।”

ফটক না খোলার বিষয়ে বেগম সিরাজুন্নেসা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক সাবিহা আফরিন বলেন, “রাতের আড়াইটায় মেয়েদের নিরাপত্তার বিষয়টা ভেবে আমি হলের গেট খুলতে নিষেধ করি। ধর্ষণের বিষয়টা জাতীয় ইস্যু। তাই মেয়েরা মিছিলটি সকালে করলেই পারতো। তাইলে তাদের প্রতিবাদটা আরও বিশাল হতে পারতো।”

তিনি আরও বলেন, “যখন আমার কাছে হলের গেট খোলার বিষয়ে কল আসে, তখনই কিন্তু মেয়েদের অন্য হল থেকে মেয়েরা বের হয় নাই আমি যতটুকু জানি। পরবর্তীতে মেয়েরা গেটের তালা ভেঙে বের হয়ে যায়। 

“গেট না খোলার বিষয়টা শুধু আমার কনসার্ন না। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের  সঙ্গে কথা বলেই আমি এত রাতে গেট খোলার অনুমতি দেই নাই।”

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ।

অন্যদিকে, রোববার বেলা ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও অ্যাকাডেমিক ভবন থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। তারা মিছিল নিয়ে ক্যাম্পাসের প্যারিস রোডে জড়ো হন। পরে বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনের মহাসড়কে যান। সেখানে সাড়ে ১২টার পর্যন্ত তারা মহাসড়কে অবস্থান নেন। 

মহাসড়ক অবরোধকালে ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই না’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘ধর্ষকদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ধর্ষকদের শাস্তি, মৃত্যু!  মৃত্যু!’, ‘তুমি কে আমি কে, আছিয়া, আছিয়া’ ইত্যাদি স্লোগানে মুখরিত হয় চারপাশ।

আন্দোলনের নেতৃত্ব দেওয়া হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী সাদিয়া আফরিন বলেন, “একটার পর একটা ধর্ষণ হয়ে যাচ্ছে। কুমিল্লার তনু থেকে শুরু করে আজকে আছিয়ার ধর্ষণ; কিন্তু আমরা কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে পাইনি। আজ পর্যন্ত বাংলাদেশের কোনো সরকার বা আইনশৃঙ্খলা বাহিনী ধর্ষকের পরিপূর্ণ শাস্তি কার্যকর করতে পারেনি। এটা সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর চরম ব্যর্থতা। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই আপনারা যদি ধর্ষকের শাস্তি দিতে না পারেন তাদের জনগণের হাতে ছেড়ে দেন। আমার মা-বোনের ধর্ষকের শাস্তি নিশ্চিত করব।”

আন্দোলনে নেতৃত্ব দেওয়া আরেক শিক্ষার্থী সালাউদ্দিন আম্মার বলেন, “নারীদের নিরাপত্তা ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এ দাবি যতদিন পুরণ হবে না ততদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জনসহ আন্দোলন চলমান থাকবে।”

এ সময় সোমবার বেলা ১১টায় সময় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন তিনি। 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

এদিকে ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। বুদ্ধিজীবী চত্বরে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।