চাঁদপুরে অর্ধশত গ্রামে রোজা শুরু বুধবার
১৯৩২ সাল থেকে সাদ্রা দরবার শরিফের পীর মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা, ঈদ উদযাপনের নিয়ম চালু করেন।
সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ায় চাঁদপুরের হাজীগঞ্জ সাদ্রা দরবার শরিফসহ জেলার প্রায় অর্ধশত গ্রামের বাসিন্দররা বুধবার থেকে রোজা পালন শুরু করবেন।
মঙ্গলবার রাতে ঐতিহাসিক সাদ্রা দরবার শরীফের পীরজাদা পীর বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী বলেন, “আমরা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে চাঁদ দেখার জন্য অপেক্ষা করছিলাম। পরবর্তীতে সৌদি আরবের আকাশে চাঁদ দেখা যাওয়ায় দরবার শরীফেও তারাবি ও রোজা রাখার সিদ্ধান্ত দেওয়া হয়। ”
তিনি আরও বলেন, “আগাম রোজা ও দুই ঈদ পালনের প্রবর্তক মাওলানা ইসহাক (রহ.)। ১৯৩২ সাল থেকে সাদ্রা দরবার শরিফের পীর সৌদি আরব কিংবা মধ্যপ্রাচ্যের কোথাও চাঁদ দেখা গেলে, তার সাথে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের নিয়ম চালু করেন।”
এদিকে মঙ্গলবার রাতেই মতলব উত্তর উপজেলার সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফেও মঙ্গলবার রাতে তারাবির নামাজ পড়ার বিষয়টি জানিয়েছেন বর্তমান গদীনশীন পীর ইমামুল আরেফিন ড. মাওলানা সৈয়দ মোহাম্মদ মাকসুদুর রহমান।
দরবার শরিফ ও স্থানীয়দের বরাতে জানা যায় বুধবার থেকে রোজা পালন করবেন হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর, বাসারা; ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর; মতলব উপজেলার দেওয়ানকান্দি, বাহেরচর পাঁচআনী, সাতানী, লতরদী, মাথাভাঙ্গা সহ ১৮ গ্রাম এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলার কয়েকটি গ্রামের বাসিন্দারা।
