Published : 16 Oct 2025, 07:16 PM
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট-এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে আছে ছাত্রীরা।
এ বছর এ বোর্ডে ৫৯ দশমিক ৪০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এছাড়াও জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ১৩৭ জন।
বৃহস্পতিবার সকালে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যানের দপ্তরে চেয়ারম্যান প্রফেসর আ ন ম মোফাখখারুল ইসলাম এসব তথ্য জানান।
বোর্ড চেয়ারম্যান বলেন, গত বছর বোর্ডে পাসের হার ছিল ৮১ দশমিক ২৪ শতাংশ। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ২৪ হাজার ৯০২ জন। অর্থাৎ এ বছর জিপিএ-৫ কমে পেয়েছে ১৪ হাজার ৭৬৫ জন।
এ বছর জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ৫ হাজার ৬৮২ জন ছাত্রী ও ৪ হাজার ৪৫৫ জন ছাত্র। ছাত্র পাসের হার ৫০ দশমিক ৬৯ শতাংশ ও ছাত্রী পাসের হার ৬৮ দশমিক ৬৯ শতাংশ। অর্থাৎ জিপিএ-৫ প্রাপ্তি ও পাসের হারেও এগিয়ে রয়েছে ছাত্রীরা।
এবারের এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের আওতায় বিভাগের আট জেলায় ১ লাখ ৩৪ হাজার ১৪৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। এর মধ্যে ৭৭ হাজার ৭৪২ জন শিক্ষার্থী পাস করেছেন।
এবার শিক্ষা বোর্ডের আওতায় ১৮টি কলেজের শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। আর ৩৫টি কলেজের শতভাগ শিক্ষার্থী ফেল করেছেন।
রাজশাহী শিক্ষা বোর্ডে মোট ৭৫০টি কলেজের শিক্ষার্থীদের জন্য ২০৭টি পরীক্ষা কেন্দ্র ছিল বলে জানান বোর্ড চেয়ারম্যান।