লিডিং ইউনিভার্সিটির শিক্ষকদের ৭২ ঘণ্টার মধ্যে চাকরিতে পুনর্বহালের দাবি
১২ অক্টোবর স্থাপত্য বিভাগের প্রধান রাজন দাশ এবং শিক্ষক স্থপতি সৈয়দা জেরিনা হোসেনকে বরখাস্ত করা হয়।
সিলেটের বেসরকারি লিডিং ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের শিক্ষক জেরিনা হোসেন ও রাজন দাশকে ৭২ ঘণ্টার মধ্যে চাকরিতে পুনর্বহাল করার দাবি জানানো হয়েছে।
সোমবার বিকালে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সিলেটের সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এ দাবি জানানো হয়।
প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে সিলেট জেলা জাসদের সভাপতি লোকমান আহমদ বলেন, “অগণতান্ত্রিক ও অন্যায়ভাবে দুজন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। একটি গোষ্ঠী লিডিং ইউনিভার্সিটিকে ধ্বংস করার পাঁয়তারা করছে। চিহ্নিতদের অবিলম্বে শাস্তির আওতায় আনার দাবি জানাই।
তিনি আরও বলেন, “৭২ ঘণ্টার মধ্যে এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দুজন শিক্ষককে পুর্নবহালের দাবি জানাচ্ছি। এই সময়ের মধ্যে পুর্নবহাল না করা হলে সিলেটবাসীকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”
বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ বেদানন্দ ভট্টাচার্য্য বলেন, “শিক্ষকদের বহিষ্কারাদেশের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় প্রশাসন নানা ধরনের হুমকি দিচ্ছে। এমনকি শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে নস্যাৎ করতে থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছে। হুমকি মামলার ভয় দেখিয়ে শিক্ষার্থী ও সিলেটবাসীর আন্দোলনকে বন্ধ করা যাবে না।”
সিলেট চিত্রশিল্পী সমন্বয় পরিষদের সদস্যসচিব শামসুল বাসিত শেরো ও সিলেট জেলা বাসদের সদস্যসচিব প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ টি এম হাসান জেবুল, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহ্বায়ক উজ্জল রায়, নাট্যব্যক্তিত্ব অম্বরিস দত্ত, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি বিভাষ শ্যাম যাদন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জহীর বিন আলম, সাবেক ব্যাংকার প্রণতি ভট্টাচার্য্য, মইনুদ্দিন আদর্শ মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক পার্থ সারথী নাগ, সিপিবি সিলেট জেলার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন, বাসদ সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর, জাসদ সিলেট জেলার সাধারণ সম্পাদক এ এ কিবরিয়া, গণতান্ত্রিক পার্টি সিলেটের যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার আহমদ, সিপিবি নেতা খায়রুল হাসান, সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক সুসান্ত সিনহা সুমন, জাসদ নেতা গিয়াস আহমদ, বিপ্লবী কমিউনিস্ট লীগের নেতা সিরাজ আহমদ, সংক্ষুব্দ নাগরিক আন্দোলন সিলেটের সমন্বয়ক আব্দুল করিম কিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি তারেক আহমদ চৌধুরী, আইনজীবী অরুপ শ্যাম বাপ্পী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষক শুভজিৎ চৌধুরী, সামশুল আরেফিন, স্থপতি সুব্রত দাস, গৌরপদ দে রবিন, আর্কিটেক্টচার সাস্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহসভাপতি ওয়ালি উল্লাহ, ইমজার সভাপতি ও যমুনা টিভির ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, লিডিং ইউনিভার্সিটির উপাচার্য কাজী আজিজুল মাওলা যুক্তরাষ্ট্র সফরে আছেন। এই সুযোগে ট্রেজারার বনমালী ভৌমিক ভারপ্রাপ্ত উপাচার্য হয়ে গত ১২ অক্টোবর স্থাপত্য বিভাগের প্রধান রাজন দাশ এবং শিক্ষক স্থপতি সৈয়দা জেরিনা হোসেনকে বরখাস্ত করেন।
শিক্ষার্থীদের দাবি, নিয়মবহির্ভূতভাবে দু’জন শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। তাদের অনতিবিলম্বে বহাল করতে হবে। দাবি না মানা পর্যন্ত স্থাপত্য বিভাগের সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। একইসঙ্গে পুরো বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের হুঁশিয়ারি দেন তারা।
এসব বিষয়ে জানতে বনমালী ভৌমিকের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
