Published : 27 Jul 2025, 06:58 PM
কুড়িগ্রামের দুধ কুমার নদে কলার ভেলায় এক শিশুর লাশ ভেসে এসেছে। সঙ্গে একটি ছোট চিককুটের মত ছিল।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার গারুহারা ঘাটে ভেলাটি ভাসতে দেখা যায় বলে যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যার আব্দুল গফুর জানান।
স্থানীয়রা জানান, সঙ্গে থাকা একটি কাগজে শিশুটির নাম-পরিচয় ও একটি ফোন নম্বর রয়েছে। ছেলেটি ভারতীয়। মরদেহটি চাদর, মশারি ও পলিথিন দিয়ে মোড়ানো।
ফোন নম্বরে যোগযোগ করে জানা যায়, সাপের কামড়ে ছেলেটি মারা গেছে। কুসংস্কারবশত পরিবার তার মরদেহ ভাসিয়ে দিয়েছে।
যাত্রাপুরের গারুহারা এলাকার কলেজ শিক্ষার্থী ফারুক খান বলেন, তিনি ওই নম্বরে ফোন করেছিলেন। ফোন ধরে এক ব্যক্তি জানান, শিশুটি তার ভাগনে। তাকে ১০ জুলাই সাপে কামড় দেয়। এতে সে মারা যায়। তারপর তার লাশ ভাসিয়ে দেওয়া হয়।
যাত্রাপুর ইউপি চেয়ারম্যার আব্দুল গফুর বলেন, “লাশটি কেউ আটকায়নি। দুপুরের পর শুনেছি, সেটি ব্রহ্মপুত্র নদে ভাসছে।”