২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ ‘নবী হোসেন’ গ্রুপের ৪ সদস্য আটক

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা রোহিঙ্গা ডাকাত নবী হোসেন দলের সদস্য বলে স্বীকার করেছেন, বলছে এপিবিএন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2025, 05:27 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে নগদ ১৪ লাখ টাকা ও একটি বিদেশী আগ্নেয়াস্ত্রসহ ডাকাত রোহিঙ্গা ডাকাত ‘নবী হোসেন’ দলের চার সদস্যকে আটকের খবর জানিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন।

এপিবিএন-৮ এর অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ জানান, রোববার সন্ধ্যায় সেনাবাহিনী ও এপিবিএন পরিচালিত অভিযানে ক্যাম্প ১১ এর সি/৬ ব্লকের মাঝি কেফায়েত উল্লাহর বাড়িতে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ক্যাম্পের ১১ এর ই ব্লকের মো. ইউসুফের ছেলে মো. আনাস (৩০), ক্যাম্প-৯ ব্লক সি ১৪ এর বাসিন্দা নুর বসরের ছেলে মনসুর (৩২), ক্যাম্প ৯ এর সি ব্লক ১৬ এর বাসিন্দা নাজিমুদ্দিনের ছেলে ইয়াসের আরাফাত (৩৫) ও ক্যাম্প-১১এর সি-৬ ব্লকের বাসিন্দা সৈয়দ আহমেদের ছেলে কেফায়েত উল্লাহ (৩৫)।

রিয়াজ উদ্দিন বলেন, অস্ত্র কেনাবেচার সময় নগদ ১৪ লাখ টাকা ও একটি বিদেশী অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়। তবে মূল অস্ত্র ব্যবসায়ী ইলিয়াস পালিয়ে গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা রোহিঙ্গা ডাকাত নবী হোসেন দলের সদস্য বলে স্বীকার করেছেন।

আর অস্ত্রটি ক্যাম্প ৮ (ইস্ট) এ নবী হোসেনের আস্তানায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল বলে জানান এ এপিবিএন কর্মকর্তা।     

এদিকে রোহিঙ্গা ডাকাত নবী হোসেন সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়েছে এপিবিএন ও সেনাবাহিনীর পক্ষ থেকে।

সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডাকাত নবী হোসেন ARA (Arakan Rohyinga Army) এর কমান্ডার হিসেবে কাজ করছে। বর্তমানে সে তার দলের সদস্যদের অস্ত্র প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন উপায়ে সীমান্ত সংলগ্ন এলাকায় পাঠিয়ে দেয়। পাশাপাশি সে ক্যাম্পের অভ্যন্তরে অস্ত্র ও ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। 

২০২৩ সালে নবী হোসেন মায়ানমারের চাকমা কাটা, তমব্রু থেকে বাংলাদেশে আসে এবং অল্প কিছুদিনের মধ্যেই শীর্ষ সন্ত্রাসী হিসেবে আত্মপ্রকাশ করে। বর্তমানে সে Rohyinga Committee for Peace and Repatriation (RCPR) এর প্রধান দলনেতা দিল মোহাম্মদের অধীনে Arakan Rohyinga Army (ARA) গ্রুপের প্রধান হিসেবে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে থাকে।

অতীতে বহুবার অস্ত্রের মহড়া ও ইয়াবা চোরাচালানের সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়া গেলেও বাংলাদেশি প্রভাবশালী ব্যক্তি ও সংস্থার ছত্রছায়ায় থাকার কারণে তাকে গ্রেপ্তার করা হয়নি বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। 

এপিবিএন-৮ এর অধিনায়ক রিয়াজ উদ্দিন বলেন, “বর্তমানে নবী হোসেন ক্যাম্প ৮ (ইস্ট) এ অবৈধভাবে বাসস্থান হিসেবে দালান বাড়ি গড়ে তুলেছে। ক্যাম্পের অভ্যন্তরে স্থায়ী স্থাপনা নির্মাণের বিষয়ে নিষেধাজ্ঞা থাকলেও সে ৬০ ফিট দীর্ঘ ও ২০ ফিট প্রস্থের পাকা বাসস্থান নির্মাণ করেছে।”