১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভোলায় অন্য গ্রুপের র‌ক্ত দেওয়ায় প্রসূ‌তির মৃত্যুর অভি‌যোগ

“রোগীকে ‘বি প‌জে‌টিভ’ রক্ত দেওয়া হয়। কিন্তু তার রক্তের গ্রুপ 'ও প‌জে‌টিভ' ছিল,” বলেন রোগীর চাচাতো ভাই আয়মান।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2026, 12:20 AM

Updated : 26 Aug 2026, 05:33 PM

ভোলায় অন্য গ্রুপের রক্ত দেওয়ায় এক প্রসূ‌তির মৃত্যুর অভিযোগ পাওয়া গে‌ছে। 

এ অভিযোগে শহরের কালিনাথ বাজার এলাকার বন্ধন হেলথ কেয়ার অ্যান্ড ডায়া‌বে‌টিস সেন্টা‌র নামের ওই চিকিৎসাকেন্দ্র ঘেরাও ক‌রে বি‌ক্ষোভ ক‌রেছেন রোগীর স্বজন ও স্থানীয়রা।

ওই নারীর নাম লা‌মিয়া আক্তার। তি‌নি ভোলা পৌর ১ নম্বর ওয়া‌র্ডের আবহাওয়া অফিস রোড এলাকার মো. শরী‌ফের স্ত্রী।

ওই নারীর চাচাতো ভাই আয়মান (২৫) বলেন, বুধবার বিকালে লা‌মিয়া আক্তার‌কে বন্ধন হেলথ কেয়ার অ্যান্ড ডায়া‌বে‌টিস সেন্টা‌রের ভ‌র্তি করা হয়। 

“প‌রের দিন অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করেন তিনি। এরপর সেখা‌নকার চিকিৎসক ও নার্সরা রোগী‌র জন্য ‘বি প‌জে‌টিভ’ রক্ত জোগাড় কর‌তে ব‌লেন। কিন্তু রোগীর রক্তের গ্রুপ ছিল 'ও প‌জে‌টিভ'। পরে 'বি প‌জে‌টিভ' রক্ত দেওয়ায় রোগীর অবস্থার অবনতি হতে থাকে।”

আয়মান বলেন, লামিয়াকে সেখান থেকে ব‌রিশাল শে‌রে বাংলা মে‌ডি‌কেল হাসপাতা‌লে নেওয়া হয়। সেখানে সোমবার সন্ধ‌্যায় তার মৃত‌্যু হয়। 

লামিয়ার মৃত্যুর পর রোগীর স্বজন‌রা বি‌ক্ষোভ মি‌ছিল শুরু করলে বন্ধন হেলথ কেয়ার অ্যান্ড ডায়া‌বে‌টিস সেন্টা‌রের কর্মীরা পা‌লি‌য়ে যান। এ কারণে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

ভোলা ম‌ডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জিয়া উদ্দিন বলেন, “স্বজন‌দের বি‌ক্ষো‌ভের খবর পে‌য়ে আমরা ঘটনাস্থ‌লে গিয়ে প‌রি‌স্থি‌তি শান্ত ক‌রি। রোগীর স্বজনরা অভি‌যোগ জানালে আইনি ব‌্যবস্থ‌া নেব।”