২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে ‘ছোট সুমন বাহিনী’র সেকেন্ড ইন কমান্ড আটক

তার দেওয়া তথ্যে একটি একনলা বন্দুক, এয়ারগান ও দুটি অবিস্ফোরিত কার্তুজ উদ্ধার করে কোস্টগার্ড।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2026, 04:43 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

সুন্দরবনে বিশেষ অভিযান চালিয়ে বনদস্যুদের দল ‘ছোট সুমন বাহিনী’র সেকেন্ড ইন কমান্ড আবদুস সামাদ মোল্লাকে আটকের খবর জানিয়েছে কোস্টগার্ড।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১০টার দিকে রামপালের শুকদারা বাজার এলাকায় অভিযান চালিয়ে আবদুস সামাদ মোল্লাকে আটক করা হয়।

৩৫ বছর বয়সী সামাদের বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলায়। তিনি ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড (দ্বিতীয় প্রধান) বলে জানিয়েছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

মঙ্গলবার দুপুরে সাব্বির আলম সুজন বলেন, “সুন্দরবনে সক্রিয় বনদস্যুদের দমনে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

“এরই অংশ হিসেবে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর তৃতীয় ধাপের অভিযানে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সামাদ মোল্লাকে আটক করা হয়।”

তিনি বলেন, “পরে সামাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভোরে মোংলা থানার সুন্দরবনের নন্দবালা খালসংলগ্ন এলাকায় আরেকটি অভিযান চালানো হয়।

“সেখান থেকে একটি একনলা বন্দুক, এয়ারগান ও দুটি অবিস্ফোরিত কার্তুজ উদ্ধার করা হয়।”

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।