২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে সেতু নির্মাণে ধীরগতি, দুর্ভোগে ৩ ইউনিয়নের লক্ষাধিক বাসিন্দা

সেতুর কাজ দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2024, 11:36 PM

Updated : 26 Aug 2026, 11:03 AM

মানিকগঞ্জের ঘিওরে ধলেশ্বরী নদীর উপর সেতুর আকার বাড়ানো ও সংস্কার চলছে ধীর গতিতে। ফলে ওই এলাকার তিন ইউনিয়নের লক্ষাধিক বাসিন্দা দুর্ভোগে পড়েছেন। 

উপজেলার ঢুলন্ডি-সিংজুরী আঞ্চলিক পাকা সড়কের পেঁচারকান্দা এলাকায় ধলেশ্বরী নদীর উপর নির্মিত সেতু দিয়ে প্রতিদিন সিংজুরী, পয়লা ও বালিয়াখোড়া ইউনিয়নের হাজার হাজার মানুষ যাতায়াত করেন। 

সেতুর কাজ শেষ না হওয়ায় কাঠের মই দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে স্থানীয়দের। মোটরসাইকেল নিয়ে যেতে হলে খেয়া পার হতে হয়।

এ অবস্থায় সেতুর কাজ দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। 

সেতু সংস্কারের কাজের ব্যয় ২ কোটি ৫৫ লাখ ৫৬ হাজার টাকা। গত ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর কাজ শুরু হয় এবং ২০২৪ সালের ২০ জুলাইয়ের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য থাকলেও নির্ধারিত সময় পার হওয়ার পরও কাজের অগ্রগতি চোখে পড়ার মত নয়।  

ফলে চরম ভোগান্তি পোহাচ্ছে এ পথে চলাচলকারী তিনটি  ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ।

সিংজুরী ইউনিয়নের সিংজুরী গ্রামের বাসিন্দা ও মানিকগঞ্জ ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক কেরামত আলী বিডিনিউজ টোয়েন্টিফোরডটকে বলেন, “নির্মাণ কাজ শেষ না হওয়ায় এ সেতুর উপকারভোগী সিংজুরী, পয়লা ও বালিয়াখোড়া ইউনিয়নের হাজার হাজার মানুষের জেলা সদরে যেতে হচ্ছে কমপক্ষে ১০ কিলোমিটার ঘুরে।

“এতে এলাকার শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষকসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকারে হচ্ছেন। এর আগে কাঠের মই দিয়ে উঠতে গিয়ে অনেকে ব্যথাও পেয়েছেন।” 

কুসুন্ডা গ্রামের বাসিন্দা ও মানিকগঞ্জ তারাসীমা অ্যাপারেলসের কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, “এ সেতুর উপর দিয়ে চলাচল না করতে পারায় সিংজুরী, আশাপুর, টেপরি, পেচারকান্দাসহ কয়েকটি গ্রামের বাসিন্দার দুর্ভোগের শেষ নেই। কয়েকদিন পর পর শ্রমিকরা কাজ বন্ধ করে সাইট থেকে চলে যান, আবার শুরু করেন। কাজ চলছে কচ্ছপ গতিতে। দ্রুত কাজ শেষ করার দাবি জানাই।” 

বালিয়াখোড়া ইউনিয়নের সাইংজুরী গ্রামের আল আমিন বলেন, “ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফলতি ও অবহেলায় কাজের ধীরগতি হচ্ছে। অল্প লোক দিয়ে কোনোমতে খুড়িয়ে খুড়িয়ে কাজ চলছে। এ ছাড়াও শিশু শ্রমিক দিয়ে করানো হচ্ছে সেতুর গুরুত্বপূর্ণ কাজ।”

উপজেলা এলজিইডি দপ্তর থেকে জানা যায়, ২০০৮ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে পেঁচারকান্দা বাজার সংলগ্ন ধলেশ্বরী নদীর উপর ১০০ দশমিক ১০ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ করা হয়েছিল। 

কিন্তু নদীর উত্তর পাশে বন্যার ভাঙনে সেতুর এপ্রোচ সড়ক নদীতে বিলীন হওয়ায় যোগাযোগ বিছিন্ন হয়ে পড়ে। 

পরে ২০২৩-২৪ অর্থ বছরে ‘প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজ’ প্রকল্পের আওতায় ২ কোটি ৫৫ লাখ ৫৬ হাজার টাকা ব্যয়ে ২৫ দশমিক ৮ মিটার সেতু বৃদ্ধি ও পুরো সেতু সংস্কারের কাজ হাতে নেয় এলজিএডি। এ কাজের দায়িত্ব পান ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মিতু ট্রেডার্স জামালপুর। 

স্থানীয় বালিয়াখোড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল খান বলেন, “সেতুর কাজ শেষ না হওয়ায় তিনটি ইউনিয়নের জনগণের চলাচলে খুবই ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে কৃষি পণ্য ও উপকরণ পরিবহনে দ্বিগুণ অর্থ ব্যয় এবং কয়েক কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে।”

ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি পিন্টু সাহা বলেন, “জাতীয় নির্বাচন এবং বর্ষার কারণে কাজ শুরু করতে একটু বিলম্ব হয়েছে। দ্বিতীয় ধাপে কাজের সময় বাড়ানো হয়েছে। আগামী জানুয়ারির মধ্যে কাজ শেষ হয়ে যাবে।” 

ঘিওর উপজেলা উপ সহকারী প্রকৌশলী মো. আলী জিন্নাহ বলেন, “গত ২০ সেপ্টেম্বর ২০২৩ শুরু হওয়া কাজ ২০২৪ সালের ২০ জুলাইয়ের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য ছিল। এর মধ্যে কাজ শেষ না হওয়ায় ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর আবেদন করে ঠিকাদারী প্রতিষ্ঠানটি।” 

দেরির বিষয়ে তিনি বলেন, “দ্রুত গতিতে কাজ চলছে। গতকালও সেতুর এক অংশের ঢালাই হয়েছে। এক মাসের মধ্যে সেতুর কাজ শেষ হবে।”