২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে বাড়িতে সাউন্ড সিস্টেম বাজানোর জেরে সংঘর্ষ, কনেসহ আহত ১০

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2024, 09:46 PM

Updated : 26 Aug 2026, 09:50 AM

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিয়ে বাড়িতে সাউন্ড সিস্টেম বাজানোর জেরে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। 

শুক্রবার বিকাল ৩টার দিকে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনিগঞ্জের ফেডারেশন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এতে আহতরা হলেন, উপজেলার বড়খাতা রমনীগঞ্জ এলাকার আব্দুর রহমান (৪৫), তার স্ত্রী সাহিনা আক্তার সাইনা (৪০), তার মেয়ে বিয়ের কনে রুমানা আক্তার লিমা (১৯), ছেলে সাকিল (২২), হালিমা বেগম এবং অন্য পক্ষের একই এলাকার আমের আলী (৫৫), রুহুল আমিন (২০), সাইফুল ইসলাম (১৪) ও নজরুল ইসলাম। 

আহতদের উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তারা সবাই শঙ্কামুক্ত। 

হাতীবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আহতদের উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এলাকাবাসী জানান, শুক্রবার দুপুরে ওই গ্রামের আব্দুর রহমানের মেয়ে রুমানা বেগমের বিয়ের খাওয়া-দাওয়া হচ্ছিল। পাশাপাশি সাউন্ড সিস্টেমে গান বাজছিল। একই সময় প্রতিবেশী আমের আলীর বাড়িতে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। 

স্থানীয়রা জানান, আমের আলী বিয়ে বাড়িতে উচ্চ শব্দে গান বাজাতে নিষেধ করেন। কিন্তু কনের ভাই সাকিল তখন আরও জোরে সাউন্ড সিস্টেম বাজানো শুরু করেন। এ নিয়ে কনের বাবা আব্দুর রহমানের সঙ্গে আমের আলীর কথা কাটাকাটি হয়। এরই জেরে দুপুরে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। 

আমের আলী বলেন, “আমাদের বাড়িতে মিলাদ মাহফিল চলছিল। আমরা তখন জোরে গান বাজাতে নিষেধ করায় ওরা আমাদের লোকজনকে মারধর করে। এতে আমাদের ছয়জন আহত হয়েছেন।” 

আব্দুর রহমান বলেন, “বাড়িতে আজ আমার মেয়ের বিয়ে উপলক্ষে বড় ছেলে সাকিল সাউন্ড সিস্টেম বাজাচ্ছিল। এ অবস্থায় আমের আলীর লোকজন এসে আমার ছেলেকে মারধর করে এবং আমার মেয়ের বিয়ের জন্য তৈরি প্যান্ডেল ভাঙচুর করে, সব খাবার ফেলে দেয়। 

“এ ঘটনায় কনেসহ চারজন আহত হয়ে হাতীবান্ধা মেডিকেলে ভর্তি আছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।” 

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আল আকসা বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।