১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কম ভাড়ার প্রলোভনে প্রবাসীদের গাড়িতে তুলে ছিনতাই, গ্রেপ্তার ১

তার ঘর থেকে উদ্ধার করা হয়েছে মোবাইল ফোন, ট্যাব, টাকা ও বিভিন্ন মালামাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Sep 2026, 09:55 PM

Updated : 17 Sep 2026, 02:58 AM

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কম ভাড়ায় পৌঁছে দেওয়ার কথা বলে প্রবাসীদের গাড়িতে তুলে ছিনতাইয়ের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে গোপালগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি।

বৃহস্পতিবার বিকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পূর্ব মহারাজপুর গ্রামে অভিযান চালিয়ে আলামিন শেখ (৩১) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

পরে রাতে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. হবীবুল্লাহ।

আলামিন পূর্ব মহারাজপুর গ্রামের মো. কালাম শেখের ছেলে।

পুলিশ জানায়, আলামিন মাইক্রোবাস ও প্রাইভেটকার নিয়ে বিমানবন্দরের সামনে থাকতেন। বিদেশফেরত প্রবাসীদের কম ভাড়ায় গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে তুলে টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতেন বলে অভিযোগ রয়েছে। পরে তাদের ফাঁকা জায়গায় নামিয়ে দিতেন।

পুলিশ সুপার মো. হবীবুল্লাহ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলামিন দীর্ঘদিন ধরে ঢাকা বিমানবন্দরসহ বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাইয়ে জড়িত থাকার কথা জানিয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও মাদকসহ ছয়টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, আলামিনের ঘর থেকে একটি চায়নিজ কুড়াল, দুটি সুইচ গিয়ার চাকু, ১৫টি অ্যান্ড্রয়েড ফোন, তিনটি আইফোন, চারটি ট্যাব, সাতটি বাটন ফোন, ১০টি হাতঘড়ি, ১১টি মানিব্যাগ, বিভিন্ন দেশের ৭৭টি নোট ও বাংলাদেশি ১ লাখ ৭৯ হাজার টাকা জব্দ করা হয়েছে।

এদিকে একই দিন মুকসুদপুর উপজেলার টেকেরহাট উত্তরপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৮০০ ইয়াবাসহ মাকসুদা (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে ডিবির আরেকটি দল। তিনি উপজেলার গোহালা ইউনিয়নের হরিশ্চর গ্রামের আবুবক্করের স্ত্রী।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য দুই লাখ ৪০ হাজার টাকা। এ ঘটনায় মাকসুদার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।