ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বিঘ্নিত ৩ ঘণ্টা
গজারিয়া উপজেলার ভিটিকান্দিতে জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ ২১ দফা দাবিতে আন্দোলন শুরু করেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বেতন বৃদ্ধিসহ ২১ দফা দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। তাদের অবরোধে প্রায় তিন ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
বুধবার বেলা ১১টায় পুলিশের হস্তক্ষেপে শ্রমিকরা অবরোধ তুলে নিলে মহাসড়কে স্বাভাবিক যান চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন গজারিয়া থানার ওসি মাহবুবুর রহমান।
এর আগে সকাল ৮টায় উপজেলার ভিটিকান্দিতে জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ ২১ দফা দাবিতে আন্দোলন শুরু করে। তারা প্রতিষ্ঠানটির সামনের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ করলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
পরে বেলা সাড়ে ১০টার দিকে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেয়।
পরে পুলিশের আশ্বাসের ভিত্তিতে শ্রমিকরা অবরোধ তুলে কারখানার ভিতরে চলে যায়।
ওসি মাহবুবুর রহমান বলেন, শ্রমিকরা কারখানায় ফেরার পর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়। এ সময় শ্রমিকদের ২১ দফার মধ্যে ২০ দফা মেনে নেয় কারখানা কর্তৃপক্ষ।
এছাড়া অপর দফা বেতন বৃদ্ধির বিষয়ে আপাতত ১ হাজার টাকা বেতন বৃদ্ধি করে সর্বনিম্ন বেতন ৯ হাজার থেকে ১০ হাজার টাকা করা হয়। এবং পরবর্তীতে আলোচনা করে বেতনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান হয়।
