হাসিনা গণতন্ত্রকে টুটি চেপে ধরে হত্যা করেছেন: হাসনাত আব্দুল্লাহ
চুয়াডাঙ্গা শহরে ‘রাইজিং চুয়াডাঙ্গা’ শিরোনামে ছাত্র-জনতার মতবিনিময় সভায় বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক।
শেখ হাসিনা গণতন্ত্রকে টুটি চেপে ধরে হত্যা করেছেন বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
তিনি বলেছেন, “বিগত তিনটি নির্বাচনে কেউ ভোট দিতে পারে নাই। দিনের ভোট রাতে করার রুপকার হিসেবে খুনি শেষ হাসিনার নাম সবসময় লিপিবদ্ধ থাকবে। আমাদের গনতন্ত্রকে টুটি চেপে ধরে হত্যা করেছেন শেখ হাসিনা।”
সোমবার বিকালে চুয়াডাঙ্গা শহরে কবরী রোডের মুক্তমঞ্চে ‘রাইজিং চুয়াডাঙ্গা’ শিরোনামে ছাত্র-জনতার মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “এখনো ষড়যন্ত্র চলছে। আমাদের সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগকে পাশ কাটিয়ে ক্ষমতায় যেতে চাচ্ছে অনেক দল। আমরা এসবের বিপক্ষে। আমরা চাই আওয়ামী লীগের বিচার।
“শেখ হাসিনার সব অপকর্মের বিচার আগে হতে হবে। তাদের দোসরদের বিচার করতে হবে। কোনও অন্যায়কারীকে ছাড় দেওয়া হবে না।”
তিনি বলেন, “আমাদের কাছে খবর আছে, কারা কারা খুনি শেখ হাসিনাকে মদদ দিতেন। তারা সতর্ক থাকবেন। আমাদের রাজনীতিবিদরা আওয়ামী লীগের ব্যবসা দখল করতে চান। আমরা বলতে চাই, যতদিন রাজপথে আছি, এই তরুণ প্রজন্মকে নিয়ে কেউ খেলতে আসবেন না।”
প্রবীণ রাজনীতিবিদদের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, “আপনাদের অভিজ্ঞতা এবং তরুণদের সাহস একত্রিত করে চব্বিশ পরবর্তি বাংলাদেশ গড়তে হবে।
“বলা হচ্ছে, তরুণ তোমরা সফল হয়েছো, এবার ঘরে ফিরে যাও। আমরা ক্ষমতা নেব। আমি জোর দিয়ে বলছি, তরুণ প্রজন্ম মাঠ ছেড়ে দেবে না। তারা দেশের উন্নয়নের স্বার্থে রাজপথে থাকবে।”
তরুণ প্রজন্মের মধ্যে যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে; তা ধরে রাখতে হবে বলেও জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই নেতা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা কমিটির আহ্বায়ক আসলাম হোসেন অর্কের সভাপতিত্বে এতে জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান রিফাত, কুষ্টিয়া জেলা সদস্যসচিব মোস্তাফিজুর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয় সমন্বয়ক এস এম সুইট এবং গোলাম রব্বানি বক্তব্য দেন।
সভায় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় আন্তর্জাতিক সেল সদস্য মোল্লা ফারুক এহসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক নুসরাত তাবাসসুম এবং আসরেফা খাতুন বক্তব্য দেন।
