২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবার অধিকার রক্ষায় কাজ করছে সরকার: ত্রিপুরাপাড়ায় সুপ্রদীপ চাকমা

এ সরকারকে বৈষম্যবিরোধী আখ্যা দিয়ে তিনি সফলতা অর্জনে সবার সহযোগিতা চান।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2024, 12:59 AM

Updated : 10 Sep 2026, 12:27 PM

পাহাড়ে বসবাসরত সবার নিরাপত্তা অধিকার রক্ষায় সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপদীপ চাকমা।

তিনি বলেছেন, “আমরা এ দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই।”

শুক্রবার সকালে বান্দরবানে লামা উপজেলার সরই ইউনিয়নের ত্রিপুরাপাড়ায় অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “অধিকার বলতে নিরাপত্তা, ভালোভাবে ও নির্ভয়ে বেঁচে থাকার অধিকারের কথা বলছি।” 

এ সরকারকে বৈষম্যবিরোধী আখ্যা দিয়ে তিনি সরকারের সফলতা অর্জনে সবার সহযোগিতা কামনা করেন।

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিনের রাতে লামা সরইয়ে নতুন বেতছড়া ত্রিপুরাপাড়ায় দুষ্কৃতকারীদের দেওয়া আগুনে ১৭টি ঘর পুড়ে যায়। এ ঘটনার জন্য পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের লোকজনকে দায়ী করেন স্থানীয়রা। 

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত গঙ্গামনি ত্রিপুরার করা মামলা চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

অগ্নিসংযোগের ঘটনায় প্রধান উপদেষ্টা ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে। 

উপদেষ্টা বলেন, ক্ষতিগ্রস্তদের জন্য ইতোমধ্যে মন্ত্রণালয়, জেলা পরিষদ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কম্বল, চাল ও দুই বান্ডেল করে ঢেউটিন দেওয়া হয়েছে। 

এছাড়া জেলা পরিষদের উদ্যোগে ঘর নির্মাণ ও পানি সরবরাহের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সুপ্রদীপ চাকমা বলেন, “এতগুলো মানুষ উদ্বাস্তু হয়ে গেল, এটা কেউ চায় না। ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে। ভুক্তভোগীদের যেভাবে হোক সহযোগিতা করব। যতটুকু পারি পার্বত্য মন্ত্রণালয়, জেলা পরিষদ ও স্থানীয় প্রশাসন অবশ্যই আমরা কিছু একটা করব।”

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, ঢাকা, চট্টগ্রামের প্রভাবশালী লোকজন ভুয়া কাগজ তৈরি করে পাহাড়ি-বাঙালির জমি কেড়ে নিচ্ছে। এ নিয়ে বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়েও কাজ হচ্ছে না। উল্টো হুমকি ও হয়রানির শিকার হতে হয়।

সরই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম বলেন, “স্থানীয় লোকজন কেবল গাছ, বাঁশ, কাঠের ওপর নির্ভরশীল। বেশিরভাগ লোক এগুলো বিক্রি করে সংসার চালান। কিন্তু কয়েক বছর ধরে বাইরের প্রভাবশালী লোকজন নামে-বেনামে জমি দখল নেওয়ায় জীবিকা সংকটে পড়েছে স্থানীয়রা। পাশাপাশি পানি ও শিক্ষা প্রতিষ্ঠানের সংকটও রয়েছে।”

পরে ক্ষতিগ্রস্তদের মাঝে কম্বল, চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়।

এ সময় বান্দরবানের ডিসি শাহ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার শহিদুল্লাহ কায়ছার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিপন চাকমা, জেলা পরিষদ চেয়ারম্যান ও লামার ইউএনও (ভারপ্রাপ্ত) রুপায়ন দেব ছিলেন।