২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে বেড়েছে পদ্মা-মেঘনার পানি, বিভিন্ন স্থানে জলাবদ্ধতা

বৃষ্টি উপেক্ষা করে খেটে খাওয়া মানুষ সড়কে নেমেছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2024, 08:25 PM

Updated : 10 Sep 2026, 12:15 PM

গত কয়েকদিনের পদ্মা-মেঘনা নদীর পানি বৃষ্টিতে চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীর পানি কিছুটা বেড়েছে।

চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মো. শোয়েব জানান, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার বেলা ১২টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৭১ মিলিমিটার। এখন পর্যন্ত থেমে থেমে বৃষ্টি অব্যাহত আছে।

টানা বৃষ্টির কারণে জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে। বুধবার সকাল থেকে শিশু শিক্ষার্থীরা বিদ্যালয় যেতে বিড়ম্বনার মধ্যে পড়েছে। বৃষ্টি উপেক্ষা করে খেটে খাওয়া মানুষ সড়কে নেমেছে। বিশেষ করে রিকশা চালক ও হকারদের সড়কে দেখা গেছে।

চাঁদপুর সেচ প্রকল্পের ভেতরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যার ফলে সড়ক, মাছের ঘের ও বসবাড়িতে পানি উঠেছে। পানিবন্দি হয়ে পড়েছে অনেক পরিবার।

ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আল-আমিন জানান, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সড়ক ও বসতবাড়িতে পানি উঠেছে। বেড়িবাঁধের পানি না কমায় মাছের ঘেরগুলো নিয়ে খামারিরা খুবই দুশ্চিন্তায় আছে। পানিবন্দি লোকজনও পরিবারের শিশু এবং বয়স্ক সদস্যদের নিয়ে পড়েছেন ভোগান্তিতে।

পানি উন্নয়ন বোর্ড চাঁদপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আতিকুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় পদ্মা-মেঘনা নদীর পানি কিছুটা বেড়েছে। তবে বিপৎসীমা অতিক্রম করেনি। জোয়ারের সময় পানির উচ্চতা ছিল ৩ দশমিক ৭ মিলিমিটার এবং ভাটার সময় ছিল ৩ দশমিক ৬ মিলিমিটার।