Published : 27 Aug 2026, 02:10 PM
চাঁদপুরের ইলিশ বিক্রির নামে ভুয়া ফেইসবুক পেইজ খুলে অনলাইনে প্রতারণার অভিযোগে নড়াইলের কালিয়ায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কালিয়া থানার ওসি ইদ্রিস আলী।
এর আগে বুধবার সন্ধ্যায় পুরুলিয়া ইউনিয়নের ফুলদাহ গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- ফুলদাহ গ্রামের ফারুক শেখের ছেলে আকিদুল ইসলাম (২৩), একই গ্রামের ওলিয়ার শেখের ছেলে আসমাউল শেখ (২৫), কাকা মিয়া শেখের ছেলে ইমরান শেখ (৩০), মোহর মিনার ছেলে তৈয়বুর রহমান (২৮) এবং তুহিন শেখের ছেলে নীরব শেখ(২৫)।
পুলিশ বলছে, তাদের মধ্যে আকিদুল ইসলামের বিরুদ্ধে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি মামলা রয়েছে।
ঘটনার বর্ণনায় পুলিশ জানায়, গ্রেপ্তার যুবকেরা দীর্ঘদিন ধরে ‘চাঁদপুরের ইলিশ’সহ বিভিন্ন নামে ভুয়া ফেইসবুক পেইজ পরিচালনা করে আসছিলেন। এসব পেইজে আকর্ষণীয় ছবি ও পোস্ট দিয়ে উন্নতমানের চাঁদপুরের ইলিশ বিক্রির প্রলোভন দেখানো হতো।
ক্রেতারা মাছ কিনতে যোগাযোগ করলে তাদের কাছ থেকে অগ্রিম টাকা নেওয়া হতো। টাকা পাওয়ার পরই ক্রেতাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিত চক্রটি।
এভাবে অনলাইনে প্রতারণার মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ পুলিশের।
ওসি ইদ্রিস আলী বলেন, চাঁদপুরের ইলিশ নামে ভুয়া ফেইসবুক পেইজ খুলে প্রতারণার বিষয়টি পুলিশের নজরে আসে। এরপর চক্রটির গতিবিধির ওপর দীর্ঘদিন ধরে নজরদারি করা হচ্ছিল। এক পর্যায়ে তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ছয়টি স্মার্টফোন, তিনটি বাটন ফোন ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রাতে সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার তাদের নড়াইলের আদালতে পাঠানো হয়েছে।