Published : 24 Nov 2025, 07:05 PM
পাবনায় গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান বলেন, রোববার রাত ২টার দিকে উপজেলার ক্ষেতুপাড়া গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ের সাইনবোর্ডে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, কয়েকজন মিলে গ্রামীণ ব্যাংকের ক্ষেতুপাড়া শাখার সাইনবোর্ডে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছে।
মুহূর্তেই আগুন পুরো সাইনবোর্ডে ছড়িয়ে পড়ে এবং সেটি পুড়ে যায়। এ সময় তাদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতেও শোনা যায়।
ওসি আনিসুর রহমান বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সরকারকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কেউ এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত নয়।
তিনি বলেন, এখনো ব্যাংকের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। তবে পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।
গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক সুমি খাতুন বলেন, “শুধু সাইনবোর্ডেই আগুন দেওয়া হয়েছে। আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় গ্রাহকদের মধ্যে প্রতিক্রিয়া দেখা যায়নি। স্বাভাবিক কর্মকাণ্ড চলছে।”