Published : 13 Mar 2026, 08:35 PM
খাগড়াছড়ি সদরের একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করা তক্ষক বনে অবমুক্ত করা হয়েছে। এ ঘটনায় আটক দুইজনকে কারাগারে পাঠানো হয়; যাদের পাচারকারী বলছে বন বিভাগ।
শুক্রবার দুপুরে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের মামলায় তাদের কারাগারে পাঠানো হয় বলে বন বিভাগের খাগড়াছড়ি সদর রেঞ্জ কর্মকর্তা মোশাররফ হোসেন জানান।
বৃহস্পতিবার শহরের আবাসিক হোটেল ‘দ্য গ্রিন ভ্যালি’ থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
কারাগারে যাওয়ারা হলেন- রাঙামাটির লংগদু থানার ৫ নম্বর ওয়ার্ডের সোনাই গ্রামের প্রয়াত তৈয়ব আলী মুন্সির ছেলে হাফেজ আলী (৩৮) এবং একই থানার ১ নম্বর ওয়ার্ডের ইসলামাবাদ গ্রামের আবুল হোসেনের ছেলে আমিরুল ইসলাম (২৯)।
বন বিভাগ জানায়, ঘটনার দিন বেলা ৩টার দিকে পুলিশ ও বন বিভাগের সহায়তায় ওই হোটেলে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে একটি টুথপেস্টের প্যাকেটে সাত ইঞ্চি লম্বা একটি তক্ষত পাওয়া যায়।
রেঞ্জ কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের ২০২৬ এর ৪১ (৩) তফসিল ১(খ) ধারা অনুযায়ী দুইজনের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়।
পরবর্তীতে আদালতের নির্দেশে প্রাকৃতিক পরিবেশে তক্ষকটি অবমুক্ত করা হয় বলে জানান এ বন কর্মকর্তা।