২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম

পুলিশ বলছে, তার দুই পা, বাম হাত, বুক ও পেটে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2025, 04:51 PM

Updated : 10 Sep 2026, 12:29 PM

রাজশাহীর চারঘাট উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে।

চারঘাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোজাম্মেল হককে শুক্রবার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যার পর চারঘাট-বাঘা মহাসড়কের এছেরের বটতলায় তাকে কুপিয়ে জখম করা হয় বলে চারঘাট মডেল থানার ওসি আফজাল হোসেন জানান।

৪২ বছর বয়সী তোজাম্মেল উপজেলার চারঘাট পৌরসভার পিরোজপুর গ্রামের মৃত আজাহার আলী প্রামাণিকের ছেলে।

ওসি বলেন, “পিরোজপুর গ্রামের রুস্তম আলী নামের এক ব্যক্তির সঙ্গে একই এলাকার মামুনুর রশিদ নামের একজনের বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার বিকালে কাকড়ামারী বাজারে রুস্তমের সঙ্গে মামুনের বাবিতণ্ডা হয়। এ সময় তোজাম্মেল রুস্তমের পক্ষ নিয়ে কথা বলেন। তখন উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে বাজারের লোকজন তাদের সরিয়ে দেয়।

“সন্ধ্যার পর কাকড়ামারী বাজার থেকে তোজাম্মেল মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় তার গতি রোধ করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।”

শুক্রবার দুপুর পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে জড়িতদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে বলে জানান ওসি আফজাল হোসেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, “তোজাম্মেল হকের দুই পা, বাম হাত, বুক ও পেটে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা গুরুতর হওয়ায় ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার সকালে একটি অ্যাম্বুলেন্সে তাকে সেখানে নিয়ে যওয়া হয়েছে।”