কক্সবাজারে মেয়েকে হত্যার পর লাশ খালে ভাসিয়ে দেওয়ার অভিযোগে বাবা আটক
শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে রাখা হয়েছে।
কক্সবাজারের উখিয়া উপজেলায় তিন বছরের মেয়েকে হত্যার পর লাশ খালে ভাসিয়ে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মনখালীর কোনারপাড়া এলাকায় শনিবার রাতে এ ঘটনা ঘটে বলে ইনানী পুলিশ ফাঁড়ির এসআই দু্র্জয় সরকার জানান।
নিহত কানিজ ফাতেমা ওই এলাকার আমান উল্লাহর (৩২) মেয়ে।
শিশুটির মা জোসনা আক্তার বলেন, শনিবার রাত সাড়ে ৮টার পর তিনি পাশের বাড়িতে কাজে যান। এ সময় তার অন্য সন্তানরা সেখানে গিয়ে জানায় যে তাদের বাবা তাদের লোহার রড দিয়ে পিটিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। পরে তিনি বাড়িতে গিয়ে দেখেন একটি ছাগল আর তার তিন বছরের মেয়ে কানিজ ফাতেমার মরদেহ পড়ে আছে।
তিনি স্থানীয়দের ডেকে আনতে গেলে এই সুযোগে মেয়ের মরদেহ খালের পানিতে ভাসিয়ে দিয়ে খাটের নিচে এসে শুয়ে থাকেন তার স্বামী।
পরে স্থানীয়রা রক্তের দাগ দেখে খাল থেকে মেয়ের মরদেহ উদ্ধার করে বলে জানান জোসনা।
জোসনার ভাষ্য, তার স্বামী নিয়মিত মাদক সেবন করতেন। এর আগেও মাদক সেবন করে খুনের ঘটনায় জেল খাটেন। এরপর থেকেই তিনি নিজের এবং সন্তানদেরকে নিয়ে ভয়ে থাকতেন। বাড়ির দা এবং ছুরি লুকিয়ে রাখতেন।
এসআই দু্র্জয় সরকার বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়েছে। আর তার বাবাকে আটক করা হয়েছে।
