জামালপুরে কিশোরীকে দলবেঁধে ধর্ষণে ৩ জনের মৃত্যুদণ্ড
২০২৪ সালের ১৯ এপ্রিল রাতে ১৬ বছর বয়সী ওই কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়।
জামালপুরে দলবেঁধে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মামলায় খালাস দেয়া হয়েছে একজনকে।
বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌসুলি (পিপি) মো. ফজলুল হক।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের শিলদহ এলাকার আব্দুস সোবহানের ছেলে শিপন (২১), সিদ্দিক মোল্লার ছেলে ইব্রাহিম (২৭) ও আরমান আলীর ছেলে ইউসুফ আলী (২২)।
রায়ে খালাস দেওয়া হয় একই এলাকার মুনতাজের ছেলে মো. সাদিককে।
মামলার এজাহারের বরাতে পিপি ফজলুল হক বলেন, ইসলামপুর উপজেলার ১৬ বছরের এক কিশোরীর সঙ্গে সাদিকের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের আশ্বাসে ২০২৪ সালের ১৯ এপ্রিল রাতে সাদিক ওই কিশোরীকে বাড়ির পাশের ক্ষেতে ডেকে নিয়ে ধর্ষণ করে।
এ সময় আগে থেকেই ওৎ পেতে থাকা শিপন, ইব্রাহীম ও ইউসুফ সেখানে উপস্থিত হলে সাদিক দৌড়ে পালিয়ে যায়।
পিপি আরও বলেন, তখন ওই তিনজন বিষয়টি এলাকার লোকজনকে জানিয়ে দিবে এই ভয় দেখিয়ে কিশোরীকে দলবদ্ধভাবে ধর্ষণ করে। পরে তারা কিশোরীকে তার বাড়িতে পৌছে দেয়।
এ ঘটনায় ৫ মে নির্যাতনের শিকার কিশোরীর বাবা বাদী হয়ে সাদিকসহ চার জনকে আসামি করে ইসলামপুর থানায় মামলা করেন।
রাষ্ট্রপক্ষের এই কৌসুলি বলেন, এই মামলায় ৯ জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে বৃহস্পতিবার রায় ঘোষণা করেন বিচারক।
রায়ে তিন জনকে মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ডও প্রদান করা হয়।
রায়ে রাষ্ট্রপক্ষের সন্তুষ্টির কথা জানিয়ে তিনি আরও বলেন, ভুক্তভোগী কিশোরী আদালতে জবানবন্দী দেয় যে ‘তার সম্মতিতে’ সাদিকের সঙ্গে তার শারীরিক সম্পর্ক হয়েছিল। এ কারণে আসামি সাদিককে মামলা থেকে খালাস প্রদান করেন বিচারক।
এই মামলায় রাষ্ট্রপক্ষে ফজলুল হকের সঙ্গে ছিলেন আইনজীবী রোজিনা আক্তার। অপরদিকে আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ, রাফিউর রহমান ও আজিজুল হক।
